নরসিংদীর শিবপুরের জোড়া খুন মামলায় বখাটে কিরণ মিয়াকে নিম্ন আদালতের দেয়া ফাঁসি বহাল রেখেছে হাইকোর্ট। একইসঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জহিরকে খালাস দেয়া হয়েছে। বিচারপতি আবু বকর সিদ্দিক ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের ডিভিশন বেঞ্চ রবিবার এই রায় দেন। আদালতে আসামি পক্ষে নিতাই গোপাল দেবনাথ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল শুনানি করেন।
আইনজীবীরা জানান, নরসিংদীর শিবপুরের শিক্ষার্থী ইতিয়াজ বেগম ইতিকে (১৭) উত্যক্ত করত বখাটে কিরণ মিয়া। কিন্তু বারবার প্রেমের প্রস্তাব প্রত্যাখানের পর ২০০২ সালের ১৯ আগস্ট রাতে কিরণ দলবলসহ ইতিকে অপহরণের জন্য তাদের বাড়িতে যায়। এতে বাধা দিলে ইতির ভাবী রুবি বেগম ও আত্মীয় মো. ফারুককে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় করা মামলায় ২০১১ সালের ২৮ জুন নরসিংদীর অতিরিক্ত দায়রা আদালত আসামি কিরণকে মৃত্যুদণ্ড ও জহিরকে যাবজ্জীবন দণ্ড দেন। ডেথ রেফারেন্স ও আপিল শুনানি নিয়ে রবিবার হাইকোর্ট উপরোক্ত রায় দেয়।
