দীর্ঘ প্রায় ১১ বছর পর ফাঁসির রায়ে দণ্ডিত শায়খ আবদুর রহমানের ছেলে নাবিল রহমানসহ চার জঙ্গির মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে।
সোমবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নুরুন নাহার বেগম শিউলী জঙ্গিদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র ও বিস্ফোরক আইনের তিনটি মামলার রায় দেবেন বলে আদালত সূত্রে জানা গেছে। এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার এবং আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শীর্ষ জঙ্গি নেতা শায়খ আবদুর রহমানের ছেলে নাবিল রহমান ছাড়াও অপর আসামিরা হচ্ছেন, জঙ্গি আলমগীর হোসেন, রঙ্গিলা ওরফে সোহেল ও মোস্তাফিজুর রহমান।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১৩ মার্চ র্যাবের দুই শতাধিক সদস্য বিষ্ণুপুর, ছোটরা, কালিয়াজুড়ি ও দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে দায়ের করা ছয়টি মামলার মধ্যে আজ অস্ত্র ও বিস্ফোরক আইনের তিনটি মামলার রায় ঘোষণা করা হবে। ২০০৬ সালে বিস্ফোরক আইনের মামলাগুলো পরিচালনাকারী কুমিল্লার অতিরিক্ত পিপি মো. আবু তাহের মামলার রায় ঘোঘণার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলাগুলিতে সাক্ষ্য দিতে সাক্ষীরা ভয় পায়, তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। একসঙ্গে ১৫-২০ দিন অব্যাহতভাবে বিচার কার্যক্রম চালানো গেলে এসব মামলার বিচার কাজ আরো আগেই হয়তো শেষ করা যেত।’
