‘সড়ক দুর্ঘটনা রোধ করি মাদকমুক্ত সমাজ গড়ি’এ শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড় জেলায় পাঁচদিন ব্যাপী স্বাধীনতা সাইকেল ভ্রমণ শুরু হয়েছে। পঞ্চগড় সাইক্লিং রাইডার্স (পিসিআর) এই ভ্রমণের আয়োজন করে।
পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সোমবার সকালে এই ভ্রমণ শুরু হয়। প্রথমে তারা পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার এবং মাদকের কুফল সম্পর্কে প্রচারণা চালায়। এরপর সেখান থেকে তারা জেলার আটোয়ারী উপজেলায় রওয়ানা দেন। সারাদিন তারা এ উপজেলার বিভিন্ন হাট-বাজারে সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার এবং মাদকের কুফল সম্পর্কে প্রচারণা চালিয়ে আটোয়ারী উপজেলা ডাকবাংলোয় রাত্রি যাপন করবেন। পরদিন সেখানকার স্কুল-কলেজগুলোতে গিয়ে শিক্ষার্থীদের মাঝে এ বিষয়ে প্রচারণা চালাবেন। এরপর ১৪, ১৫, ১৬ ও ১৭ মার্চ পর্যন্ত বোদা, দেবীগঞ্জ ও তেতুলিয়া উপজেলার হাটবাজার ও স্কুল-কলেজগুলোতে প্রচারণা চালাবেন।
পঞ্চগড় সাইক্লিং রাইডার্সের (পিসিআর) সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক সাদিকুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের সাইক্লিং দলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু করে। সাইক্লিং অন্যান্য সদস্যরা হলেন-সাঈদ ইসলাম, মারুফ হাসান আবির, আবিষ্কার হোসাইন, সুলতানুর আরেফিন, আব্দুর রহিম, মো. ওমর ফারুক, তজমুল হোসেন ও আল মামুন শাহরুক।
পঞ্চগড় সাইক্লিং রাইডার্সের (পিসিআর) সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, তারা সকলেই বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী। শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় ও মাদকের কুফল সম্পর্কে প্রচারণা চালিয়ে সড়ক দুর্ঘটনা ও মাদকমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।
