ইবি’র চ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

আপডেট : ১৩ মার্চ ২০১৭, ২০:৫৮
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করে দেয়া সিন্ডিকেটের সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন। 
 
আদালতে আবেদনকারীগণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট নুসরাত ইয়াসমিন সুমাইয়া এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।
 
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ইবির চ ইউনিট (গণিত ও পরিসংখ্যান) এর ভর্তি পরীক্ষা গত বছর ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তা বাতিল করে নতুন করে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। তবে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের আগেই ওই দুটি বিভাগে ১০০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়। তিনি বলেন, ভর্তি পরীক্ষা বাতিল হওয়ায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা হাইকোর্টে রিট করেন। আদালত সেসব শিক্ষার্থীদের আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য নতুন ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দিতে বলেছে। ভর্তিকৃত শিক্ষার্থীদের অবস্থান কি হবে, তা চূড়ান্ত আদেশে জানা যাবে বলে জানান ব্যারিস্টার কাজল।