রাজধানীতে তুমুল ঝড়, নিহত ৩

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ০১:০৯

গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীতে হঠাত্ করেই কালবৈশাখী আঘাত হানে। এসময় ইট পড়ে ও গাছ চাপায় একজন নারীসহ অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের প্রচন্ড তান্ডবে রাজধানীজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে ঢাকার অধিকাংশ এলাকা অন্ধকারে ডুবে যায়। ভেঙে পড়ে বহু গাছ। মৌসুমের প্রথম এই ঝড়ে বিপাকে পড়েন অফিস ফেরত লোকজন ও ফুটপাতের দোকানীরা। বাতাসের তীব্রতায় দিশাহারা মানুষ দিগ্বিদিক ছুটতে শুরু করেন আশ্রয়ের আশায়।

সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এ ঝড় চলে প্রায় ২০ মিনিটের মতো। এরপর হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে আরও কিছুক্ষণ। আবহাওয়াবিদরা জানান, পশ্চিমা লঘুচাপের সঙ্গে মৌসুমী লঘুচাপের প্রভাবে এই কালবৈশাখী ঝড় হচ্ছে। এই মৌসুমে এই ঝড় বৃষ্টি স্বাভাবিক।

জানা গেছে, ঝড়ের সময় সংসদ ভবন এলাকায় গাছ ভেঙে পড়ে এক নারী মারা গেছেন। তার নাম মিলি ডি কস্তা (৬০)। তিনি মনিপুরী পাড়ার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন শেরে বাংলা থানার ডিউটি অফিসার এসআই জোনায়েদ। পল্টন থানার এসআই সুজন কুমার তালুকদার জানান, একই সময় পুরানা পল্টন মোড় মল্লিক কমপ্লেক্সের নিচে ভবনের ইট পড়ে মাথায় আঘাত পেয়ে এক চা দোকানী মারা যান। নিহত হানিফ (৫০) বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানা উলানিয়া গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে। ১০৮ দক্ষিণ মুগদায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। বর্তমানে লাশ ঢামেক মর্গে রয়েছে। মিরপুর মডেল থানা সূত্র জানায়, ঝড়ের সময় মিরপুরের শেওড়াপাড়ায় ইট মাথায় পড়ে দুলাল নামের একজন গাড়িচালক মারা গেছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ে রাজধানীতে কমপক্ষে ৩০টি গাছ ভেঙে পড়েছে। যার কারণে বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। মগবাজারে একটি বেসরকারি হাসপাতালের দেয়াল ধসের ঘটনা ঘটেছে। ঝড়ের সময় রমনা পার্কের সামনে গাছ ভেঙে সিএনজি ও প্রাইভেটকারের ওপর পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। কারওয়ান বাজার পূবালী ব্যাংকের উপরে থাকা পানির ট্যাংকি একটি মাইক্রোবাসের উপর পড়লে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।

এদিকে ঝড়ের পরে বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ স্থানে পানি জমে যায়। যান চলাচল বিঘ্নিত হয়। প্রায় দুই ঘণ্টা রাজধানী কার্যত অচল হয়ে পড়ে। বিভিন্ন স্থানে অফিস ফেরত মানুষ পড়েন চরম ভোগান্তিতে। আজিমপুর কলোনিতে ট্রান্সমিটার বিস্ফোরণের ঘটনা ঘটে। বাংলা মোটরে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় পথচারীরা আতংকিত হয়ে পড়েন। এসময় পুরো এলাকার বিদ্যুত্ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আবহাওয়া অধিদপ্তর সিনিয়র আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ‘ঢাকায় ঝড় কমে গেলেও এই ঝড় ঢাকা থেকে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। এটি কক্সবাজার পর্যন্ত যাবে। মধ্যাঞ্চল থেকে এই ঝড়ের প্রভাব কেটে গেলেও যত দক্ষিণ দিকে অগ্রসর হবে, ততই সেসব এলাকায় ঝড়ের প্রভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হবে।’

আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

গোটা ঢাকায় বিদ্যুত্ ছিল না অন্তত ১০ মিনিট: সন্ধ্যায় ঝড়ের কারণে অন্তত ১০ মিনিট বিদ্যুত্ ছিল না গোটা ঢাকায়। এলাকাভেদে ১০ মিনিট থেকে ৫ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ বিতরণ বন্ধ ছিল রাজধানীতে। ঢাকায় বিদ্যুত্ বিতরণকারী দুই সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ও ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো) জানায়, ঝড়ের কারণে গতকাল বিদ্যুত্ বিতরণে বিঘ্ন হয়। অনেক স্থানে কয়েক ঘন্টা বিদ্যুত্ বিভ্রাট ঘটে। মূলত ঝড়ে সড়ক মহাসড়কে অনেক ছোট-বড় গাছ ভেঙে পড়ায় বিদ্যুত্ বিতরণ ও সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বজ্রপাতের কারণে বেশ কিছু স্থানে ট্রান্সফরমার পুড়ে গেছে কিংবা বিকল হয়ে গেছে।

পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) সূত্র জানায়, ঝড় শুরু হওয়ার পর সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে আমিনবাজার-মিরপুর ১৩২ কেভি সঞ্চালন লাইন ট্রিপ (বিকল) করে। এই লাইনের সাথে যুক্ত রাজধানীর বসিলার ১০৮ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুেকন্দ্রের সংযোগ লাইনে টিন পড়ে লাইনটি ক্ষতিগ্রস্ত হয়। এটি ঠিক করতে আজ সোমবার পর্যন্ত সময় লাগতে পারে। তবে টঙ্গী থেকে সমপরিমাণ বিদ্যুত্ এনে লাইনটি সচল করার চেষ্টা করা হচ্ছে।

ডিপিডিসি এবং ডেসকোর কয়েকজন নির্বাহী প্রকৌশলী জানান, সন্ধ্যার ঝড়ের পর কোম্পানিগুলোর ভিন্ন ভিন্ন দল বিদ্যুত্ লাইন সরবরাহ উপযুক্ত করতে কাজ করেছে। রাতের বেলা হওয়ায় অনেক স্থানে বড় গাছ লাইনের উপর থেকে সরাতে সময় লেগেছে। কয়েকটি এলাকায় সরবরাহ শুরু করতে আজ সোমবার সকাল নাগাদ অপেক্ষা করতে হতে পারে।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সারওয়ার আলম বলেন, ঝড়ের কারণে ঢাকায় কিছু এলাকায় বিদ্যুত্ বিভ্রাট ঘটেছে। ভেঙে পড়া গাছ সরিয়ে এবং ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার সারিয়ে এক একটি এলাকায় বিদ্যুত্ সরবরাহ শুরু করা হয়েছে। যত দ্রুত সম্ভব সব এলাকায় বিদ্যুত্ বিতরণ স্বাভাবিক করা হবে।

মেঘনায় ট্রলার ডুবি, প্রিসাইডিং অফিসারসহ ৩ জন নিখোঁজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরহোগলা এলাকা সংলগ্ন মেঘনা নদীতে একটি ট্রলার ডুবে গেছে। গতকাল সন্ধ্যা ৬ টার দিকে ঝড়ের কবলে পড়ে ওই ট্রলারডুবির ঘটনায় প্রিসাইডিং অফিসার বোরহান উদ্দিন, নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের এটিএসআই মো. সেলিম ও একজন নারী আনসার সদস্য নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছেন উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যসহ ১৫ জন। ঘটনার খবর পেয়ে গজারিয়া, মুন্সীগঞ্জ, সোনারগাঁ পুলিশ ও কোষ্টগার্ড উদ্ধার তত্পরতা চালাচ্ছে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।