শততম টেস্ট স্মরণীয় করার ইচ্ছা ওয়ালশের

আপডেট : ১৩ মার্চ ২০১৭, ২১:২০
ভারতের বিপক্ষে ২০০০ সালের ১০ ডিসেম্বরে ম্যাচ দিয়ে টেস্ট আঙ্গিনায় পথ চলা শুরু বাংলাদেশের। এরপর গেল ১৭ বছরে ৯৯টি টেস্ট খেলেছে টাইগাররা। তাই আর একটি টেস্ট খেললেই শততম ম্যাচ খেলার মাইলফলক অর্জন করবে বাংলাদেশ। সেই মাইলফলকে আগামী ১৫ মার্চ পা রাখতে যাচ্ছে টাইগাররা। কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে বাংলাদেশের শততম ম্যাচ। 
 
তাই শততম টেস্টটি স্মরণীয় করে রাখার ইচ্ছা পোষণ করেছেন বাংলাদেশের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশও। আজ কলম্বোতে অনুশীলন শেষে ওয়ালশ বলেন, ‘শততম টেস্ট বাংলাদেশের ক্রিকেটে স্মরণীয় একটা ঘটনা, বড় অর্জন। একটা উৎসব মুখর পরিবেশ। সবচেয়ে বড় কথা এটা একটা মাইলফলক। এই টেস্টকে স্মরণীয় করে রাখার চিন্তা আমাদের মাথায়ও আছে। সে কারণেই আগে আমরা চেষ্টা করছি কন্ডিশনের সঙ্গে উপযোগী একাদশ সাজাতে। আমরা চেষ্টা করবো পি সারা স্টেডিয়ামের উইকেটের সঙ্গে মিল রেখে টিম কম্বিনেশন গড়তে।’
 
প্রথম টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারের স্বাদ পায় বাংলাদেশ। ব্যাটসম্যানদের পাশাপাশি ব্যর্থ বোলাররাও। অভিজ্ঞতার কারণেই এমনটা হয়েছে বলে মনে করেন পেস বোলিং কোচ ওয়ালশ, ‘আমাদের পেসারদের প্রায় সবাই তরুণ ও অনভিজ্ঞ। এর বাইরে তাদের আরও একটা সমস্যা আছে। তারা ধারাবাহিকভাবে দীর্ঘ সময় লম্বা স্পেলে ভালো জায়গায় বল করতে পারে না। এর কারণ অভিজ্ঞতায় ঘাটতি। যত বেশি খেলবে তত অভিজ্ঞতা বাড়বে। আর অভিজ্ঞতা বাড়ার সঙ্গে তত এ ঘাটতি কেটে যাবে।’
 
গলের মত কলম্বোতেও অনেক গরম। পাঁচ মিনিট খোলা আকাশে দাঁড়িয়ে থাকলে ঘেমে শরীর নেয়ে উঠে। তার মধ্যে মধ্যে পেসারদের ভালো করা কঠিন। এ সম্পর্কে পেস বোলিং কোচের মতামত, ‘কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করতেই হবে। যত গরমই পরুক না কেন এর সঙ্গে মানাতে হবে। তবে আমার ধারণা গলে প্রচণ্ড গরমে পাঁচ দিন খেলার পর কিছুটা ধাতস্থ হয়ে গেছে পেসাররা। গরমে খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না।’ বাসস।