তরুণ সুরকার ও সঙ্গীত পরিচালক বনি আহমাদের সুর ও সঙ্গীতে প্রকাশ পেল ‘মেলোডি উইথ বনি’। রবিবার রাজধানীর বেসিস অডিটোরিয়ামে হয়ে গেল ‘মেলোডি উইথ বনি’র প্রকাশনা অনুষ্ঠান।
টিয়ারা স্টুডিওর ব্যানারে পাঁচটি চমৎকার গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। ‘মেলোডি উথ বনি’তে গান গেয়েছেন কণ্ঠশিল্পী লিমন চৌধুরী, শাওন গানওয়ালা, কেয়া রহমান ও শাকিলা শুক্লা। সঙ্গীত পরিচালক বনি আহমাদ নিজে একটি গানে কণ্ঠ দিয়েছেন। অ্যালবামটির চারটি গান লিখেছেন টিএম সাব্বির। একটি গান লিখেছেন সাইফ হাসনাত।
অ্যালবামটি প্রসঙ্গে সঙ্গীত পরিচালক বনি বলেন, ‘আমরা দীর্ঘ সময় নিয়ে কাজ করেছি। গানের কথা, সুর ও সঙ্গীত নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছি। সব মিলিয়ে মানুষের ভালো লাগবে, এমন কিছু সৃষ্টি করার চেষ্টা করেছি। আশা করি শ্রোতারা নিরাশ হবেন না।’
টিয়ারা স্টুডিওর কর্ণধার লিমন চৌধুরী অ্যালবামটি প্রসঙ্গে বলেন, ‘যারা ভালো বাংলা গান শুনতে চান অ্যালবামটি তাদের ভালো লাগবে বলেই বিশ্বাস করি।’
প্রকাশনা উৎসবে শিল্পীদের সঙ্গে উপস্থিত ছিলেন অ্যালবামটির পৃষ্ঠপোষক সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠান নার্ড ক্যাসেল লিমিটেডের সিইও জহিরুল ইসলাম তাইমুন এবং বিটবার্ডস সলিউশনের সিইও খন্দকার আলী আসগর পাভেল, কণ্ঠশিল্পী জয় শাহরিয়ার, মিউজিক ভিডিও নির্মাতা চন্দন রায় ও বিডিজবসের কর্মকর্তা একেএম ফাহিম মাশরুর।
টিয়ারা স্টুডিওর ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানগুলো পাওয়া যাবে জিপি মিউজিক এবং ই-টিউনসেও। পর্যায়ক্রমে আন্তর্জাতিক মিউজিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেও শ্রোতারা ‘মেলোডি উইথ বনি’ শোনার সুযোগ পাবেন।
অ্যালবামের গানগুলো শোনা যাবে টিয়ারা স্টুডিওর ইউটিউব চ্যানেলে (goo.gl/ilAjnv)।
ইত্তেফাক/নূহু
