গাজীপুরে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১৪:৫৫
গাজীপুরে হত্যা মামলায় রায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড আদেশ দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, গাজীপুর মহানগরীর বারোবৈকা এলাকায় ফরহাদ হোসেন ওরফে মারুফ (২৫)।
 
বুধবার বেলা দুইটায় গাজীপুর জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো একমাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলায় দুইজনকে খালাস দেয়া হয়।
 
গাজীপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমদ জানান, ২০১২ সালের ১০ মে আসামি ফরহাদ বিভিন্ন সমস্যা দেখিয়ে ১৫০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করে নূরল হক ভুইয়ার ছেলে মিরু মিয়া ওরফে বিজয় (২৫) কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেয়। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও পাওনা টাকা পরিশোধ করতে ফরহাদ ব্যর্থ হয়। প্রতিনিয়ত তাগাদা দিয়েও টাকা না পাওয়া তাকে হুমকি দিতে থাকে নিরু। পরে ফরহাদ হোসেন পাওনা টাকা পরিশোধের কথা বলে নিরু মিয়াকে ডেকে নেয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তিনদিন পর বাড়ির পাশে বারোবৈতা এলাকায় জনৈক হাবিবের বাড়ি পাশে ডোবায় তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের মা নিলুফা বেগম বাদী হয়ে ফরহাদসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে আদালতে চাজশিট দাখিল করেন। মামলায় আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ করে এ রায় দেয়।
 
আসামি পক্ষে শুনানি করে ড. মো. শহীদুজ্জামান। এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাড. হারিস উদ্দিন আহমদ।