প্রথম শ্রেণী ও ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান বা-হাতি স্পিনার জেভিয়ার দোহার্তি। অস্ট্রেলিয়া জাতীয় দলের জার্সি গায়ে দোহার্তি এ পর্যন্ত চারটি টেস্ট ম্যাচ ছাড়াও ৬০টি ওয়ানডে ও ১১টি টোয়েন্টি২০ ম্যাচে অংশ নিয়েছেন।
শেফিল্ড শিল্ডের ফাইনাল রাউন্ডে তাসমানিয়া দল থেকে বাদ পড়ার পরপরই দোহার্তি অবসরের সিদ্ধান্ত নেন। এ সম্পর্কে তিনি বলেছেন, মাত্র ১৯ বছর বয়সে তাসমানিয়ার ক্যাপ পড়তে পারাটা আমার জন্য দারুন এক অভিজ্ঞতা ছিল। অস্ট্রেলিয়ার হয়ে ২০১০ সালে ব্যাগি গ্রীন টুপিটাও আমার ক্যারিয়ারের অন্যতম সেরা প্রাপ্তি।
২০১০ সালে শ্রীলংকার হয়ে দোহার্তির ওয়ানডে অভিষেক হয়েছিল। এরপর ২০১০-১১ মৌসুমে গাব্বায় এ্যাশেজ সিরিজের মাধ্যমে টেস্ট অভিষেক হয়। চার টেস্টে দোহার্তি সাতটি উইকেট নিয়েছেন। এছাড়া তার ঝুলিতে আছে ৫৫টি ওয়ানডে উইকেট। তাসমানিয়ার হয়ে দোহার্তি ৭১টি প্রথম শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়ে ৪২.৬৫ গড়ে ১৬৩টি উইকেট দখল করেছেন।
আন্তর্জাতিক অঙ্গনে দোহার্তির অবদানের জন্য তাকে অভিনন্দন জানিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া প্রধান জেমস সাদারল্যান্ড বলেছেন, জেভিয়ার এমন একজন ক্রিকেটার যে সবসময়ই নিজের সেরাটা দিয়ে অস্ট্রেলিয়াকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছে। আন্তর্জাতিক পর্যায়ে তিন ধরনের ফর্মেটেই খেলে জেভিয়ার প্রমাণ করেছে বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতা করার যোগ্যতা সে রাখে। ২০১৫ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন জেভিয়ার। ক্যারিয়ারে যা কিছু সে অর্জণ করেছে তার জন্য অবশ্যই তার গৌরবান্বিত হওয়া উচিত। ক্রিকেটের একজন দূত হিসেবে আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই। আশা করছি ভবিষ্যতেও সে ক্রিকেটের সাথে জড়িত থেকে নিজেকে ও আমাদের সমৃদ্ধ করতে পারবে। ইএসপিএন ক্রিকইনফো।
