হাওয়াইতে আবারো আটকে গেলো ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা

আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১০:৫৯
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংশোধিত মুসলিম নিষেধাজ্ঞাও আটকে দিয়েছে হাওয়াই অঙ্গরাজ্যের এক ফেডারেল বিচারক। বৃহস্পতিবার (১৬ মার্চ) মধ্যরাত থেকে নতুন এ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিলো। 
 
স্থানীয় সময় বুধবার রাতে ডিস্ট্রিক্ট জাজ ডেরিক ওয়াটসন এক আদেশে ওই নিষেধাজ্ঞা আটকে দিয়েছেন। যেসব অঙ্গরাজ্য মুসলিম নিষেধাজ্ঞা বন্ধের চেষ্টা করে যাচ্ছে, হাওয়াই হচ্ছে তারই একটি। তবে এখনো পর্যন্ত এ আদেশ নিয়ে কোনও মন্তব্য করেনি হোয়াইট হাউজ।
 
জানুয়ারিতে ট্রাম্প আরোপিত মূল নিষেধাজ্ঞাটি আইনি চ্যালেঞ্জে হেরে যাওয়ার পর সম্প্রতি দ্বিতীয় দফায় নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়। আগের নিষেধাজ্ঞা সংশোধন করে নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে দাবি করা হলেও আদতে তা আগের নিষেধাজ্ঞার মতো করেই মুসলিমদেরকে টার্গেট করা হয়েছে।
 
ক্ষমতা গ্রহণের পরই ২৭ জানুয়ারি ২০১৭ তারিখে এক নির্বাহী আদেশে সাত মুসলিম-প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরে নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। দেশগুলো হলো- ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন। যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদীদের প্রবেশ বন্ধের যুক্তি দেখিয়ে ওই আদেশ দেন ট্রাম্প। 
 
পরে সিয়াটলের একজন বিচারক ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দেন। ট্রাম্প প্রশাসন ওই আদেশের বিরুদ্ধে আপিল করলেও সান-ফ্রান্সিসকোভিত্তিক তিন বিচারকের প্যানেল তা খারিজ করেন।
IMG0
এরপর সাত মুসলিম-প্রধান দেশের নাগরিকদের ওপর স্থগিত হয়ে যাওয়া নিষেধাজ্ঞা সংশোধন করে ডোনাল্ড ট্রাম্প নতুন নিষেধাজ্ঞা জারি করেন। নতুন জারি করা নিষেধাজ্ঞায় আগের তালিকায় থাকা ইরাককে বাদ দেওয়া হয়। তবে অপর ছয়টি দেশের নাগরিকদের জন্য নিষেধাজ্ঞা বহাল রাখা হয়। বিবিসি।