নেদারল্যান্ডসের নির্বাচনে জয় উদযাপনে প্রধানমন্ত্রী রুতে

আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৮:২২
নেদারল্যন্ডের জাতীয় নির্বাচনে মধ্য-ডানপন্থী প্রধানমন্ত্রী মার্ক রুতে জয় উদযাপন করতে যাচ্ছেন। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এমনটাই জানাচ্ছে।
 
নির্বাচনকালীন সময়ে দেশটির ইসলাম বিদ্বেষী ও অভিবাসন বিরোধীদের উগ্র জাতীয়তাবাদী প্রচারণায় তীব্র চাপের মুখে ছিলেন তিনি। তাই বিজয়ের শুরুতেই তিনি বলেন, ‘এ জয় ডাচ জনগণের, তারাই জনপ্রিয়তার ভূল ব্যাখ্যা ভেঙ্গে দিয়েছেন।’
 
বুধবার ডাচ নির্বাচনে ৮১ শতাংশ ভোটার নিজেদের রায় প্রদান করেছেন। যা গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি ভোট গ্রহণের ঘটনা। 
 
তবে প্রায় সব ভোট গণনা শেষে দেখা যায়, রুতের ভিভিডি পার্টি খুব সহজেই অভিবাসন বিরোধী ও ইইউ বিরোধী গ্রিট উইল্ডার্সের দলের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে। 
 
তারপরও হেরে যাওয়ার প্রাক্কালে উইল্ডার্স বলেন, ‘এখনো সময় আছে নেদারল্যান্ডসে দেশাত্মবোধক বসন্ত হওয়ার’। 
 
তবে ৯০ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, ১৫০ আসনের পার্লামেন্টে রুতের ভিভিডি পার্টি ৩৩টি আসনে জয়ী হয়েছে। তবে ২০১২ সালে এই পার্টি জয়ী হয়েছিল ৪১টি আসনে। ওয়াইল্ডারের প্রচারণায় যতটা ধারণা করা হয়েছিল, জনগণ সেভাবে সাড়া দেননি। তার নেতৃত্বাধীন ফ্রিডম পার্টি ২০, মধ্যপন্থী ডেমোক্র্যাটস-৬৬ এবং ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট পার্টি যথাক্রমে ১৯টি করে আসনে জয়ের পথে রয়েছে বলে বার্তা সংস্থা এএনপি জানিয়েছে।
 
জয়ের পথে থাকা রুতে সমর্থকদের বলেন, ‘দেখা যাচ্ছে, তৃতীয়বারের মতো ভিভিডি নেদারল্যান্ডসের সবচেয়ে বড় পার্টি হিসেবে জয় পেতে যাচ্ছে। আজ রাতে আমরা কিছুটা উল্লাস করব।’
 
তিনি আরও বলেন, ‘ব্রেক্সিট ও মার্কিন নির্বাচনের পর নেদারল্যান্ডসেই ভুল জনপ্রিয়তাবাদী রাজনীতিকে ‘না’ বলে দেওয়া হয়েছে।’
IMG0
ইইউ নেতারাও রুতেকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ফ্রান্স ও জার্মানির আগামী নির্বাচনে নেদারল্যান্ডসের নির্বাচনের প্রভাব পড়বে। ফ্রান্স ও জার্মানিতেও উগ্র ডানপন্থী, মুসলিম-বিদ্বেষী ও অভিবাসন-বিরোধীরা ক্ষমতাসীন সরকারকে চাপের মুখে রেখেছে। বিবিসি।