মানবপাচার ও জোরপূর্বক শ্রমবৃত্তির বিরুদ্ধে জাতিসংঘ-সমন্বিত যে কোন পদক্ষেপকে আরো শক্তিশালী করতে বাংলাদেশ সকল সদস্য রাষ্ট্রের সঙ্গে একযোগ কাজ করছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বুধবার মানব পাচার সংক্রান্ত উচ্চ পর্যায়ের একটি উন্মুক্ত বিতর্কে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এ কথা বলেন।
তিনি মানব পাচারের বৈশ্বিক অভিশাপ প্রতিরোধে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশ জাতীয় পর্যায়ে এই মানব পাচারের বৈশ্বিক অভিশাপ প্রতিরোধে ব্যাপক আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে।
রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিশ্রুতির ফলেই বাংলাদেশ জাতীয় পর্যায়ে এই বৈশ্বিক অভিশাপ প্রতিরোধে ব্যাপক আইনগত, নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে পেরেছে।
তিনি বলেন, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ প্রণয়ন এবং এর বাস্তবায়নে ২০১৫-২০১৭ মেয়াদে জাতীয় কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই কর্ম পরিকল্পনার আওতায় জেলা, উপজেলা ও জাতীয় পর্যায়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে নিয়মিতভাবে এ সংক্রান্ত পর্যবেক্ষণ ও পারস্পরিক সমন্বয় চালু করা হয়েছে।
মোমেন বলেন, ‘এ বিষয়ে আমাদের সামর্থ্য আরও বৃদ্ধি করতে তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা, কার্যকর তথ্য প্রচারণা কৌশল, বিচার প্রক্রিয়া ও মানব পাচারের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি।’ বাসস
