খুলনায় স্ত্রী হোসনে আরাকে (২০) হত্যার দায়ে স্বামী শেখ মিরাজুল ওরফে আমানুল্লাহকে (২৭) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে খুলনার জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি শেখ মিরাজুল পলাতক রয়েছেন। মিরাজুল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার কাশবাড়িয়া গ্রামের মো. ওয়াজেদ আলী শেখের ছেলে। তিনি খুলনা মহানগরীর নতুনবাজারস্থ চর এলাকায় বসবাস করতেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১০ সালের ২৮ জানুয়ারি গৃহবধূ হোসনে আরাকে মিরাজুল শেখ পাথরের শীল দিয়ে মাথায় আঘাত করেন। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই মো. নান্নু শিকদার মিরাজুলকে আসামি করে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মনিরুল ইসলাম ২০১১ সালের ৩ ফেব্রুয়ারি মিরাজুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
