উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে চার উত্তর কোরিয়ানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। বৃহস্পতিবার মালয়েশিয়ার পুলিশ প্রধান এই খবর নিশ্চিত করেছেন।
গত ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর বিমানবন্দরে বিষাক্ত ভিএক নার্ভ এজেন্ট প্রয়োগ করে ন্যামকে হত্যা কলা হয়। মালয়েশিয়া পুলিশ জানিয়েছে, ওই হত্যাকাণ্ডের পরেই মালয়েশিয়া ত্যাগ করে চার সন্দেহভাজন উ. কোরীয়। তাদের বিষয়ে ইন্টারপোলকে গত মাসে অবহিত করে মালয়েশীয় কর্তৃপক্ষ। এই চারজনের নাম রি জি হিয়ন, হং সং হাক, ও জং গিল ও রি জায়ে ন্যাম। দ. কোরিয়া দাবি করেছে সন্দেহভাজন চারজন উ. কোরিয়ার গুপ্তচর।
ইন্টারপোলের রেড নোটিশ জারি আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ান জারির সমতুল্য। তবে উ. কোরিয়া যেহেতু ইন্টারপোলের সদস্য নয় সেক্ষেত্রে এর প্রয়োগ হওয়ার সম্ভাবনা কম। ন্যাম হত্যাকাণ্ডের জন্য একজন ভিয়েতনামি ও একজন ইন্দোনেশিয়ান নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে মালয়েশিয়া। বিবিসি।
