'বিএনপি যত কথাই বলুক নির্বাচনে আসবে'

আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৭:৩০
 
বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, 'আগামী সংসদ নির্বাচন হবে ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের যে কোন দিন। সে নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনে। বিএনপি যত কথাই বলুক তারা নির্বাচনে আসবে।'
 
বৃহস্পতিবার ভোলার লালমোহন হাইস্কুল মাঠে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে 'লার্নিং এন্ড আর্নিং মেলা' উদ্বোধনকালে বাণিজ্য মন্ত্রী এসব কথা বলেন।
 
'প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ' উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, 'তার স্বপ্ন আজ বাস্তব। ২০২১ সালে স্বাধীনতার ৫০বছর পূর্তিতে উন্নত মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ। যার বড় প্রমাণ আজ লালমোহনে বসে তরুণ সমাজ লার্নিং এন্ড আর্নিং এর মাধ্যমে কোটি কোটি বিদেশি মুদ্রা অর্জন করতে পারবে।'
 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জাতীয় সংসদের চিপ হুইপ আসম ফিরোজ, স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন  প্রমুখ। সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন।