যক্ষ্মা নির্মূলে বাংলাদেশ বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৮:৩০
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০৩০ সালের মধ্যে যক্ষ্ম নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সমন্বিত বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছে। এই রোগ প্রতিরোধে দেশে উচ্চ পর্যায়ের তত্ত্বাবধান নিশ্চিত করার পাশাপাশি জাতীয় যক্ষ্মা পরিকল্পনা বাস্তবায়নে বাজেট বরাদ্দ বাড়ানো হবে। 
 
বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লীতে ‘যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন’এর সমাপনী দিনে ‘কল ফর অ্যাকশন’ঘোষণা অধিবেশনের বক্তৃতায় তিনি একথা বলেন। 
 
ভারতের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সভাপতিত্বে অধিবেশনে ‘কল ফর অ্যাকশন’ ঘোষণা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং। 
 
যক্ষ্মা নির্মূলে বাংলাদেশ সরকারের রাজনৈতিক সদিচ্ছা এবং আন্তরিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশে যক্ষ্মা নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য সহযোগিদের সঙ্গে যৌথভাবে নেয়া কর্মসূচিগুলোর কার্যক্রম সরকার আরো জোরদার করবে। 
 
তিনি বলেন, যক্ষ্মার কারণে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ১৫ থেকে ৪৯ বছর বয়সীদের জীবন সব সময় হুমকির সম্মুখীন। ফলে প্রতিটি দেশের জাতীয় জীবনে অর্থনৈতিক ও উৎপাদন ক্ষমতার ব্যাপক ক্ষতি হচ্ছে। 
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণে বাংলাদেশে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। যক্ষ্মা সংক্রমণের কারণগুলো চিহ্নিত করে দারিদ্র বিমোচন, অপুষ্টি দূরীকরণ, স্বাস্থ্যকর জীবন যাপন উপযোগী পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি অন্যান্য আর্থ-সামাজিক চ্যালেঞ্জ দূর করার উদ্যোগ নিয়েছে সরকার। জনগণ এরই মধ্যে গৃহীত কার্যক্রমের সুফল পেতে শুরু করেছে। গত কয়েক বছরে যক্ষ্মা রোগ শনাক্তকরণ ও চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশ অন্যান্য দেশের জন্য অনুসরণযোগ্য সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। বাসস