২৫ মার্চ গণহত্যা দিবস শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে পালনের ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
তিনি বলেন, গণহত্যা দিবস নিজেরা পালন করলে হবে না, এটিকে পৃথিবীর বিভিন্ন দেশে পালন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। বৃহস্পতিবার রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সেমিনার কক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, ২৫ মার্চের গণহত্যা ছিল পৈশাচিকতার এক ভয়াবহ উদাহরণ। এই গণহত্যা ছিল পাকিস্তান সরকারের চূড়ান্ত বিশ্বাসঘাতকতার বহিঃপ্রকাশ। ২৫ মার্চের গণহত্যার সংখ্যা নিয়ে যারা বিতর্ক করেন তাদের মতলব হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা।
অনুষ্ঠানে রাশেদ খান মেনন ১৯৭১ সালের ২৫ শে মার্চ কালরাত্রিতে বর্বর পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক সংঘঠিত গণহত্যাকে স্মরণ করে ২৫ শে মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করা এবং আন্তর্জাতিকভাবে এ দিবসের স্বীকৃতি’প্রস্তাব উত্থাপন করায় শিরীন আখতার এমপিকে ধন্যবাদ জানান।
জাসদের সহ-সভাপতি মীর হোসাইন আখতারের সভাপতিত্বে সভায় একাত্তরের ঘাতাক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ূয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সেক্টর্স কমান্ডার ফোরামের মহাসচিব হারুন হাবীব, জাসদ স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।বাসস
