বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিঙ্গাপুর চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরের ‘এয়ারলাইন্স সার্ভিস ইনসেনটিভ স্কিম পে আউট’-২০১৬’ পুরস্কার অর্জন করেছে।
বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
নির্ধারিত সময়ে উড্ডয়ন ও অবতরণ এবং উন্নত যাত্রীসেবার জন্য মূলতঃ এ পুরস্কার প্রদান করা হয়েছে। চাঙ্গি বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনটাইম ডিপার্চারের হার ৯৯ দশমিক ০৩ শতাংশ।
এই অর্জনের কারণে বিশেষ কর সুবিধা পেয়েছে বিমান। চাঙ্গি এয়ারপোর্ট বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় সেরা এয়ারপোর্ট। বিশ্বের ৬৭টি এয়ারলাইন্স এ বিমানবন্দর থেকে তাদের ফ্লাইট অপারেট করে থাকে।
সম্প্রতি কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে। সিঙ্গাপুর থেকে প্রাপ্ত অ্যাওয়ার্ডটি বিমান বাংলাদেশের দ্বিতীয় সাফল্য।
বিমান বাংলাদেশ ১৯৭৮ সাল থেকে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে সপ্তাহের প্রতিদিনই এ রুটে একটি করে ফ্লাইট চলাচল করছে। প্রতিটি ফ্লাইটে ৯৫ শতাংশ আসনে যাত্রী বহন করছে বিমান।
