নিজ মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চান দুই বারের টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক ড্যারেন স্যামি।
গত টি-২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জয়ের পর থেকে আর ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে খেলেননি স্যামি। অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) সঙ্গে বিবাদেও জড়িয়ে পড়েছেন তিনি। তবে এবার নিজ মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন এ অলরাউন্ডার।
এবিষয়ে স্যামি বলেন, 'আমি কেবলমাত্র টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছি। সীমিত ওভারের ক্রিকেট থেকে নয়..দল নির্বাচনে আমাকে পাওয়া যাবে। দল নির্বাচন করবেন নির্বাচকরা। পাকিস্তানের বিপক্ষে সামনে আমাদের সিরিজ আছে, এ জন্য আমাকে পাওয়া যাবে।'
এ মাসের ২৬ তারিখ প্রথম টি -২০ দিয়ে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের সিরিজ শুরু হবে। এরপর রয়েছে ওয়ানডে ও টেস্ট সিরিজ।
