অর্থ আত্মসাৎ মামলায় এলজিইডি কর্মকর্তা কারাগারে

আপডেট : ১৬ মার্চ ২০১৭, ২০:৩৭
 
দুদকের দায়ের করা অর্থ আত্মসাৎ মামলায় এলজিইডি পাবনার সাবেক নির্বাহী প্রকৌশলী এবং বর্তমানে বগুড়া অঞ্চলের এলজিইডি'র তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম কিবরিয়াকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।
 
দুদক পাবনার উপপরিচালক আবু বকর সিদ্দিক জানান, বৃহস্পতিবার দুপুরে গোলাম কিবরিয়া পাবনার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে মামলায় জামিন প্রার্থনা করলে আদালতের জ্যৈষ্ঠ বিচারিক হাকিম মো. নুরুজ্জামান নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গোলাম কিবরিয়া সিরাজগঞ্জ সদর উপজেলার রহমতগঞ্জ গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।
 
মামলা সূত্রে জানা যায়, গোলাম কিবরিয়া এলজিইডিতে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত থাকাকালীন সাবেক সোসিওলজিস্ট তাজুন্নাহার, সাবেক হিসাব সহকারী মাসুদ রানা পরস্পর যোগসাজশে বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ২৩টি চেকের মাধ্যমে সরকারী ২৮ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এ ঘটনায় তাদের আসামি করে গত ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করে দুদক।