বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শিশুদের বইয়ের মেলা

আপডেট : ১৭ মার্চ ২০১৭, ০০:৩৭

গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে বাংলাদেশ শিশু একাডেমি বইমেলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস উপলক্ষে শুরু হওয়া এ মেলা চলবে ২৬ মার্চ, স্বাধীনতা দিবস পর্যন্ত। প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি ছিলেন শিশু-সাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল, সংসদ সদস্য কাজী রোজী এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। একাডেমির চেয়ারম্যান কথা-সাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পরিচালক আনজীর লিটন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ছড়াকার আখতার হুসেন এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পরিচালক (মেলা) মিজানুর রহমান।

মেহের আফরোজ চুমকি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষে এ মেলার আয়োজন। তাঁর জন্ম না হলে আমরা এই সুন্দর বাংলাদেশ পেতাম না। দেশপ্রেমিক নেতা এই বঙ্গবন্ধুকে জানতে হলে, দেশকে জানতে হলে বই পড়তে হবে। বই পড়ে জ্ঞানে বড় হতে হবে। সার্কভুক্ত দেশসমূহের অংশগ্রহণের মাধ্যমে আগামীতে ছোটদের আন্তর্জাতিক বইমেলার আয়োজন করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘তোমরা এ মেলা ঘুরেফিরে দেখবে, বই কিনবে। শুধু কিনবেই না, বন্ধুদের কাছ থেকে বই নিয়েও পড়বে, আবার তোমার কেনা বইও তাদের পড়তে দিবে।’

সপ্তমবারের মতো আয়োজিত এ মেলায় ৫০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের শিশুতোষ বইয়ের পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযু্দ্ধবিষয়ক বইও স্থান পাবে। বইমেলায় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করছে। মেলা ২৬ মার্চ পর্যন্ত  প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এবং ছুটির দিনগুলোতে সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন বিকালে একাডেমির শহীদ মতিউর মুক্তমঞ্চে থাকবে আলোচনা সভা ও শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

ইত্তেফাক/নূহু