আজ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মবার্ষিকী। আর জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণিল আয়োজন নিয়ে হাজির হচ্ছেন বাঙালি সাংস্কৃতিক জোটের কর্মীরা। এই সংগঠনটির সভাপতি চয়ন ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুল আজম বাশার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সংগঠনটি আয়োজন করছে ‘বঙ্গবন্ধু উত্সব’। উত্সবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ মমতাজ বেগম, চিত্রশিল্পী অধ্যাপক হাশেম খান, নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
উত্সবের প্রথম পর্বে রয়েছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়ক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করবেন বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান। এছাড়াও জাতীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্যচিত্র প্রর্দশনী। বিকেল ৩টায় উত্সবের মূলপর্ব শুরু হবে আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই উত্সবের উদ্বোধনী সঙ্গীত লিখেছেন ছড়াকার লুত্ফর রহমান রিটন, সুর করেছেন ইমন সাহা এবং গানটি গেয়েছেন জনপ্রিয় শিল্পী পারভেজ সাজ্জাদ, কোনালসহ আরো অনেকে। উত্সবে সঙ্গীত পরিবেশন করবেন মমতাজ, কাদেরী কিবরিয়া ও রথীন্দ্রনাথ রায়। নৃত্য পরিবেশনায় থাকছে সোহেল রহমান ও তার দল। এছাড়া আরো থাকবেন কলকাতার প্রখ্যাত গায়ক অংশুমান রায়ের বিখ্যাত গান ‘শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের’ গাইবেন অংশুমান রায়ের সন্তান ভাস্বর রায় ও দিনাত জাহান মুন্নি। দ্ব্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করবেন সাদি মহম্মদ, শাহীন সামাদ, চন্দনা মজুমদার, আব্দুল জব্বার, কিরণচন্দ্র রায়, ইন্দ্রমোহন রাজবংশী, সালমা, মেহেদী হাসানসহ জাতীয় পর্যায়ের শিল্পীবৃন্দ। এছাড়াও থাকছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক বইয়ের প্রদর্শনী।
ইত্তেফাক/নূহু
