নিজেদের শততম টেস্টে শুরু থেকেই শ্রীলঙ্কাকে চাপে রেখেছে সফরকারী বাংলাদেশ। প্রথম দিনের প্রথম সেশনে চার উইকেট তুলে নিয়ে স্বাগতিক ব্যাটসম্যানদের ওপর দারুণভাবে চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজরা। ব্যাটসম্যানরাও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৩৮ রানের স্কোর বেশ সাচ্ছন্দ্যেই টপকে গেছে মুশফিক-সাকিবরা। হাতে রয়েছে এখনো চার উইকেট।
সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে আজ শুক্রবার। রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৪৫/৬। সাকিব আল হাসান ৬৬ ও মোসাদ্দেক ৩১ রানে ব্যাট করছিলেন।
গতকাল সন্ধ্যায় মিডল অর্ডারে কিছুটা ব্যাটিং বিপর্যয় দেখা দিলেও মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের দৃঢ়তায় ভালোভাবেই বিপর্যয় কাটিয়ে উঠেছে বাংলাদেশ। ব্যক্তিগত ৫২ রানে লাকমালের বলে বোল্ড আউট হওয়ার আগে সাকিবের সঙ্গে ৯২ রানে জুটি গড়েছেন অধিনায়ক মুশফিক। সাকিবের সঙ্গে আরো একটি বড় জুটির ইঙ্গিত দিচ্ছেন মোসাদ্দেক হোসাইন।
স্বাগতিক শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৩৮ করতে সক্ষম হয়। বাংলাদেশ প্রথম ইনিংসের খেলা শুরু করে বৃহস্পতিবার দুপুরে। উদ্বোধনীজুটিতে ৯৫ রান সংগ্রহ করে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। কিন্তু শেষ বিকেলের ঝড়ে মুশফিকদের সংগ্রহ দাঁড়ায় ২১৪/৫।
