জন্মের পর থেকেই স্পটলাইটে সাইফ আলি খান ও কারিনা কাপুরের ছেলে তৈমুর আলি খান। কখনও তার ভুয়া ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কখনও বা তৈমুরের স্কেচ নিয়ে ওয়েব দুনিয়ায় নিজের ছবি শেয়ার করেন সাইফ। সব মিলিয়ে গত তিন-চার মাস ধরে শিরোনামে তৈমুর। তবে এই প্রথম তাকে নিয়ে বাড়ির বাইরে বেরোলেন কারিনা। আর বেরোতেই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হলেন। আপাতত ভাইরাল সে ছবি।
মাত্র তিন মাস বয়স তৈমুরের। জানা গিয়েছে, এই প্রথম মামারবাড়িতে যাচ্ছে সে। যদিও শোনা গিয়েছিল, দিন কয়েক আগে রণধীর কাপুরের জন্মদিনের পার্টিতে তৈমুরকে নিয়েই কাপুর বাংলোতে গিয়েছিলেন কারিনা।
তবে বলিউডের একাধিক সূত্র দাবি করছে, এই প্রথমবার মা এবং মাসির সঙ্গে মামারবাড়ি গেল তৈমুর। কাপুরদের একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেই ছেলেকে নিয়ে গেলেন কারিনা। গাড়িতে কারিনা ছাড়াও ছিলেন কারিশমা কাপুর। তবে যার কোলে তৈমুর ছিল তিনি সম্ভবত তৈমুরের ন্যানি। সব মিলিয়ে এই প্রথম প্রকাশ্যে এল তৈমুরের ছবি। আনন্দবাজার।
