সংকটময় মুহূর্তে রিয়ালের ত্রাণকর্তা হবে রোনাল্ডো: রাউল গঞ্জালেজ

আপডেট : ১৭ মার্চ ২০১৭, ১৬:২৩
চলমান মৌসুমে সংকটময় মুহূর্তে রিয়াল মাদ্রিদকে ক্রিস্টিয়ানো রোনাল্ডোই উদ্ধার করবেন বলে মন্তব্য করেছেন ক্লাবের সাবেক কিংবদন্তি খেলোয়াড় রাউল গঞ্জালেজ। তিনি বলেন, ‘বড় মাপের খেলোয়াড় গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠে। রোনাল্ডোও গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠবে এবং রিয়ালকে সংকট থেকে উদ্ধার করবে।’
 
যেভাবে পারফরমেন্স করার কথা সেভাবে চলমান মৌসুমে করতে পারছেন না রোনাল্ডো। স্প্যানিশ লীগে এখন পর্যন্ত ২১ ম্যাচে মাত্র ১৯টি গোল করেছেন তিনি। সবমিলিয়ে এ মৌসুমে এখন পর্যন্ত ৩৩ ম্যাচে ২৬ গোল রোনাল্ডোর। তাই রোনাল্ডোর ফর্ম নিয়ে চিন্তিত রিয়াল মাদ্রিদ। 
 
কিন্তু এই চিত্রকে বড় করে দেখছেন না ১৬ বছর রিয়ালের হয়ে মাঠ মাতানো গঞ্জালেজ। তার মতে প্রয়োজনের সময়ে স্বরুপে ফিরবেন রোনাল্ডো। তিনি বলেন, ‘রোনাল্ডোর ফর্ম নিয়ে চিন্তা না করাটা ভালো। প্রয়োজনের সময়ই জ্বলে উঠবে সে এবং রিয়ালকে সাফল্যও এনে দিবে রোনাল্ডো।’
 
তবে এখনই রোনাল্ডোর জ্বলে উঠা প্রয়োজন বলে মনে করেন গঞ্জালেজ। কারন লা-লীগা ও চ্যাম্পিয়ন্স লীগে গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে রিয়াল। তাই রোনাল্ডোর জ্বলে উঠার অপেক্ষায় গঞ্জালেজ, ‘আমরা এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এখনই রোনাল্ডোর জ্বলে ওঠা প্রয়োজন এবং নিজের সেরাটা প্রদর্শন করা দরকার। বর্তমানে তার ক্ষীপ্রতা ও গতি কিছুটা কম। কিন্তু এটিই স্বাভাবিক। তবে একটি ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স আবারো ফিরিয়ে দিবে পুরনো রোনাল্ডোকে।’ ইএসপিএন / বাসস।