চতুর্থ দিনের প্রথম সেশনে উইকেট পেয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। এরপর উইকেট শিকারে দীর্ঘ বিরতি। অন্যদিকে রানের চাকা এগিয়ে নিতে ব্যস্ত শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। তবে দ্বিতীয় সেশনে পরপর দু’বার আঘাত হানলেন বাংলাদেশি বোলিং তারকা মুস্তাফিজুর রহমান।
নিলেন পরপর দুই উইকেট। ১৪৩ রানে ৮৬ রানের জুটি ভাঙতে সক্ষম হন মুস্তাফিজ। ৩৬ রানে ঘরে ফেরান লঙ্কান ব্যাটসম্যান মেন্ডিসকে। এরপর ব্যাটে আসে দিনেশ চান্দিমাল, তবে তাকেও দাড়াতে দেননি এ সাতক্ষীরার সন্তান। ৫ রানে সাজঘরে ফিরিয়ে দিয়েছেন।
মুস্তাফিজের পরের উইকেটটি পেয়েছেন সাকিব আল হাসান। ৭ রানে আউট করেছেন সবশেষে ব্যাটে আসা গুনারত্নকে। শ্রীলঙ্কার ২য় ইনিংস স্কোর ৫৪ ওভারে তিন উইকেটে রান সংগ্রহ হয়েছে ১৭৬। ৯৪ রানে ব্যাট করছে করুনারত্নে ও তার সঙ্গে রয়েছে ডি সিলভা।
কলম্বো টেস্টে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে মাঠে নামে শ্রীলঙ্কা। গতকাল করুনারত্নের সঙ্গে ৫৪ রানের অবিচ্ছেদ্য জুটিতে দিন শেষ করেছিলেন উপল থারাঙ্গা। দিনের শুরুতে উইকেটের দেখা পান মিরাজ।
উদ্বোধনী জুটিতে তাদের কাছ থেকে দারুণ কিছুর প্রত্যাশা ছিল লঙ্কান সমর্থকদের। কিন্তু চতুর্থ দিনে মিরাজের প্রথম ওভারের প্রথম বলেই বোল্ড হয়ে ব্যক্তিগত ২৬ রানের মাথায় সাজঘরে ফেরেন থারাঙ্গা।
কলম্বোর পি সারা ওভালে চতুর্থ দিনের খেলা শুরু হয় সকাল ১০টা ৩০ মিনিটে। উল্লেখ্য, প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৩৩৮ আর বাংলাদেশ সংগ্রহ করে ৪৬৭। রয়েছে ১১৬ রানে সাকিবের অনবদ্য সেঞ্চুরি।
