‌‘বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই জাতীয় নির্বাচন হবে’

আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৬:৪০
 
বর্তমান নির্বাচন পদ্ধতি এবং এই সরকারের অধীনেই ২০১৯ সালের ২৯ জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
 
দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করাটা তাদের ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করে তিনি আরো বলেন, বিএনপি যত কথায় বলুক না কেন রাজনৈতিক স্বার্থে তাদেরকে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আর এই নির্বাচন পরিচালনা করবে বর্তমান নির্বাচন কমিশন।
 
শনিবার দুপুর ৩টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাঁই গোবিন্দপুর গ্রামের শ্রী শ্রী রাধানাথ অঙ্গনের একটি ধর্মীয় অনুষ্ঠানে একথা বলেন। 
 
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম, এমপি পঙ্কজ নাথ, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যা, সাধারণ সম্পাদক সামসূল আলম সূফি প্রমুখ।