সিরিয়ার হোমস শহরের সর্বশেষ ঘাঁটিও ছাড়তে শুরু করেছে দেশটির বিদ্রোহী ও তাদের পরিবারের সদস্যরা। সরকারের সঙ্গে করা এক চুক্তির অংশ হিসেবে শনিবার থেকে তারা শহর ছেড়ে যেতে শুরু করেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবামাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, শনিবার সকালে বিদ্রোহী এবং তাদের পরিবারের সদস্যদের বহনকারী দুটি বাস আল-ওয়ায়ের এলাকা ছেড়ে যায়। হোমস থেকে তারা সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় এলাকাগুলোর দিকে যাচ্ছেন। হোমসের গভর্নর তালাল বারাজি রয়টার্সকে জানান, শনিবার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ৪শ’ থেকে ৫শ’ বিদ্রোহী যোদ্ধার এলাকা ছাড়ার কথা রয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের জানিয়েছে, সরকারের সঙ্গে সমঝোতা অনুযায়ী পরবর্তী সপ্তাহগুলোতে ১২ হাজারেরও বেশি মানুষ ওই এলাকা ছেড়ে যাবে। আল জাজিরা।
