নির্মাণ কাজের নিরাপত্তা-বিধির দাবিতে পবার মানববন্ধন

আপডেট : ১৮ মার্চ ২০১৭, ২১:২২
উন্নয়নের নামে যত্রতত্র অবকাঠামো নির্মাণ ও নির্মাণাধীন অবকাঠামোসমূহ জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জনগণের নিরাপত্তার কথা বিবেচনা না করে এই সকল নির্মাণ জনগণের জন্য যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। অতি সম্প্রতি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে অসংখ্য শ্রমিক মারা গেছে। তাই নির্মাণ শ্রমিকদের অকাল মৃত্যু রোধ ও তাদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত ও মৃতের উপযুক্ত ক্ষতি পূরণ দান, অবকাঠামো নির্মাণে সার্বিক নিরাপত্তা ও জনদুর্ভোগ হ্রাসে একটি সামগ্রিক নীতিমালা প্রণয়ন এবং তা বাস্তবায়নে আইন প্রণয়ন করার দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। 
 
শনিবার শাহবাগস্থ ঢাবি’র চারুকলা অনুষদের সামনে অবকাঠামো তৈরিতে সার্বিক নিরাপত্তা ও জনদুর্ভোগ কমাতে পরিবেশ অধিদপ্তর ও সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপ চাই এই শিরোনামে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
 
পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহানের সভাপতিত্বে এবং বিসিএইচআরডি-এর সভাপতি মাহবুবুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুবন্ধন সামাজিক কল্যাণের সভাপতি মো. হাবিবুর রহমান, পবা’র সদস্য ক্যামেলিয়া চৌধুরী, পবা’র সম্পাদক মণ্ডলীর সদস্য ফেরদৌস আহমেদ উজ্জ্বল, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।
 
পবা’র সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুস সোবহান বলেন, নির্মাণকারী সংস্থাগুলো অবকাঠামো নির্মাণে জনগণের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য না দিয়ে নির্মাণ কাজ চালিয়ে যান। যা জনগণের জন্য অত্যন্ত অনিরাপদ এবং জনদুর্ভোগের মূল কারণ। অবকাঠামো নির্মাণের সময় দুর্ঘটনাগুলো বারবার ঘটলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট সংস্থাগুলোর টনক নড়ছে না। অপরিকল্পিত ও নিম্নমানের অবকাঠামোর ফলে দুর্ঘটনা সংগঠিত হচ্ছে, বাড়ছে মৃত্যু। এতে পরিবেশ দূষণও বাড়ছে। এছাড়াও এসকল অবকাঠামো নির্মাণের কারণেই এ নগরে ধূলা দূষণ প্রকট আকার ধারণ করেছে। ফলে নগরের জনগণ বিশেষ করে শিশুরা শ্বাসকষ্টসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। 
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা হেলথ ইফেক্টস ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশনের প্রকাশিত প্রতিবেদন অনুসারে বিশ্বের দূষিত বায়ূর শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। সুতরাং অবিলম্বে নির্মাণ কাজের নিরাপত্তা জোরদার করতে হবে এবং জনদুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা নিতে তিনি সরকারের প্রতি দাবি জানান।