আশকোনায় হামলার পর আটক যুবকের মৃত্যু

আপডেট : ১৮ মার্চ ২০১৭, ২১:৫৭
রাজধানীর আশকোনায় র‌্যাবের ব্যারাকে আত্মঘাতী হামলার ঘটনার সন্দেহভাজন হিসাবে আটক এক যুবক মারা গেছে। 
 
শুক্রবার দুপুরে ব্যারাকে আত্মঘাতি হামলার পর র‌্যাব বিকেল ৪টার দিকে ওই যুবককে আশকোনা এলাকা থেকে আটক করে। তার নাম হানিফ মৃধা ওরফে হানিফা (৩২)। বাড়ি বরগুনার আমতলীর আমড়াগাছিয়া গ্রামে। পিতা সোবহান মৃধা। 
 
র‌্যাব দাবি করেছে, আটকের পর আবু হানিফ অসুস্থ হলে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 
 
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) এজাজ শফি বলেন, শনিবার দুপুর ২টা ১০ মিনিটে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের কাছে লাশ বুঝিয়ে দেয়। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। 
 
আটক যুবকের মৃত্যুর ঘটনায় র‌্যাব-১ এর  পরিদর্শক সেলিম খান বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। 
 
এদিকে, র‌্যাবের ব্যারাকে আত্মঘাতি হামলার ঘটনায় শুক্রবার রাতে বিমানবন্দর থানায় সন্ত্রাস বিরোধী আইনে র‌্যাবের  এসআই রাশেদুজ্জামান বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি নূরে আযম মিয়া।