৩০০ পেরোল লঙ্কানদের ইনিংস

আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১১:১০
 
গল টেস্টে পরাজয়ের পর কলম্বো টেস্টের শুরু থেকে ছড়ি ঘোরাচ্ছিল বাংলাদেশ। চতুর্থ দিনে এসে ম্যাচের নিয়ন্ত্রণে প্রায় ষোলো আনাই নিজেদের হাতে নিয়ে এসেছিল মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসানরা। কিন্তু শেষ দিনে অষ্টম উইকেট জুটিতে দুর্দান্তভাবে ঘুরে দাড়াচ্ছে লঙ্কানরা। প্রথম ইনিংসে বাংলাদেশের ১২৯ রানের লিড টপকে ৮ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার লিড দাড়িয়েছে ১৬৮ রান। দলীয় সংগ্রহ ৩০০।
 
গতকাল পর্যন্ত নিশ্চিত জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে বাস্তবতা হলো, শেষ দুই উইকেট হাতে নিয়ে এখনও লড়ছে শ্রীলঙ্কা। তারা চেষ্টা করছে লিডটা যতোটা বাড়ানো যায়। ৪০ রানে ব্যাটিংয়ে রয়েছে পেরেরা আর ৩১ রানে লাকমাল। শেষ চেষ্টাটা তারা আপ্রাণভাবে করে যাচ্ছে।
 
কলম্বো টেস্টে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করেছিলো ৩৩৮ রান। জবাবে সাকিব আল হাসানের দারুণ সেঞ্চুরি এবং মোসাদ্দেক, মুশফিক, সৌম্যদের ফিফটিতে ৪৬৭ রান করে বাংলাদেশ; লিড ১২৯ রানের। এই লিডের জবাবে শ্রীলঙ্কা তৃতীয় দিনশেষেই কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান তুলে ফেলে।
 
গতকাল দিনের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারের প্রথম বলেই শ্রীলঙ্কার প্রতিরোধ ভাঙেন মেহেদী হাসান মিরাজ। এরপর ঝাঁপিয়ে পড়েন মুস্তাফিজ ও সাকিব। দুই প্রান্ত থেকে একজন স্পিনার ও একজন পেসার বলের টার্ন ব্যবহার শুরু করেন। দুই জনই তিনটি করে উইকেট তুলে নেন। প্রথম আক্রমণটা শানান মুস্তাফিজ। তিনি পরপর তুলে নেন কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমালের মতো বড় দুই উইকেট।
 
এরপর সাকিব এসে ফেরান গুনরত্নেকে। আবার মুস্তাফিজ ধনঞ্জয় ডি সিলভাকে আউট করার ভেতর দিয়ে নিজের ৩ উইকেট পূর্ণ করেন। মুস্তাফিজের ৩টি ক্যাচই ধরেছেন মুশফিক। ধরেছেন সাকিবের বলেও একটি ক্যাচ।