উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথের শপথ রবিবার

আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১১:৫৫
 
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে কট্টর হিন্দুত্ববাদী নেতা সাংসদ যোগী আদিত্যনাথ শপথ নেবেন রবিবার। বিজেপির পক্ষ থেকে তাকে মনোনয়ন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে এনডিটিভি। শনিবার বিকেলে উত্তর প্রদেশের নবনির্বাচিত বিধায়কদের এক বৈঠকে মুখ্যমন্ত্রী হিসেবে আদিত্যনাথের নাম ঘোষণা করা হয়।
 
সেখানে আরো জানা যায়, রবিবার দুপুর ২টায় রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিবেন আদিত্যনাথ। তার পাশাপাশি রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও এ সময় শপথ নেবেন। ভারতের লখনাও রাজ্যের শ্রীমতি উপভবন কমপ্লেক্সে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সভাপতি অমিত শাহ্ এবং দলটির অন্যান্য নেতারা।
 
এদিকে মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর আদিত্যনাথ বলেন, আমাকে এ পদের যোগ্য বিবেচনা করায় দল ও প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ।
 
কট্টর হিন্দুত্ববাদী নেতা সাংসদ যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী করা সম্পর্কে উত্তর প্রদেশের অপর বিজেপি নেতা ও সাবেক ক্রিকেটার চেতান চৌহান বলেন, এটা উপর মহলের সিদ্ধান্ত। আমাদের এ বিষয়ে বলার কিছু নেই। এনডিটিভি।