সহিদ রাহমানের কথায় সম্প্রতি রেকর্ডিং শেষ হলো একটি দেশের গানের। এর সুর ও সঙ্গীতায়োজন করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও কম্পোজার ইবরার টিপু। আর তাতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় ৮ তরুণ সঙ্গীতশিল্পী।
তারা হলেন ইবরার টিপু, পারভেজ, সাব্বির, পুলক, পুতুল, রন্টি মাশ, ঝিলিক ও বিন্দুকনা। ‘আমি সেই দিন ফিরে আসব স্বদেশের বুকে। যে দিন শহীদ স্মরণে প্রিয়তম স্বাধীনতাকে। আপন করে হৃদয়ে গেঁথে নেবে’-এমন কথার গানটিতে উঠে এসেছে ভাষা শহীদ ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের অবদানের কথা। আরো রয়েছে শহীদ জননী ও বীরাঙ্গনাদের অধিকারের কথা।
গানটি প্রসঙ্গে গীতিকার সহিদ রাহমান ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘তরুণ প্রজন্মই হলো আমাদের দেশের আগামী দিনের কাণ্ডারি। তাই তরুণ প্রজন্মের বাঙালিদের মধ্যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও দেশের প্রতি শহীদের অবদানের কথা তুলে ধরতে এই গানটি লিখেছি। আর শিল্পী হিসাবে তরুণ দের বেছে নেওয়ার কারণও এটা। যাতে এসব শিল্পীদের ভক্তদের কাছে গানটি সহজে পৌঁছে যায়।’
গানটির কম্পোজার ইবরার টিপু বলেন, ‘গান করা আমার পেশা। কিন্তু দেশের প্রতি দায়বদ্ধতা থেকেও কিছু কাজ করতে হয় একজন শিল্পীকে। এই গানটি তেমনই একটি কাজ। স্বাধীনতার মাসে গানটি করতে পেরে খুব ভালো লাগছে।’
