দায়িত্বে অবহেলায় ওয়াসা প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ

আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৫:১৫
 
রাজধানীতে ম্যানহোলে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো আতিকুর রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
 
দায়িত্বে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করতে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়েছে। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র ডিভিশেন বেঞ্চ এই আদেশ দেন।
 
একই সঙ্গে ঐ মৃত্যুর ঘটনায় ইতোপূর্বে দায়ের করা প্রাথমিক তথ্য বিবরণীতে মিথ্যা তথ্য দেয়ায় পল্টন থানার এসআই মুহিবুর রহমান সুজন ও ইন্সপেক্টর  রফিকুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
 
এর আগে সকালে আদালতের নির্দেশে হাইকোর্টে হাজিরা দেন ওয়াসার এমডি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং একই সঙ্গে এই ঘটনায় লিখিত ব্যাখ্যা দাখিল করে। শুনানি নিয়ে হাইকোর্ট তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়।