বাংলাদেশের টেক্সটাইল শিক্ষা নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে জার্মান সরকার। রবিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সঙ্গে জার্মানির জিআইজেড সাসটেন্যাবল টেক্সটাইলস এর অ্যাডভাইজার ক্রিসচিয়ান ভন মিজলাফ এক সৌজন্য সাক্ষাৎকালে তাদের এ আগহের কথা প্রকাশ করেন।
এসময় জিআইজেড প্রোমোশন অব সোশ্যাল এন্ড এনভায়রনমেন্ট স্ট্যান্ডার্ডাস ইন দি ইন্ডাস্ট্রি (পিএসইএস) এর সিনিয়র অ্যাডভাইজার আফসারউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
মিজলাফ ইউজিসি চেয়ারম্যানকে জানান, জিআইজেড এর মাধ্যমে জার্মান সরকার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে এদেশের টেক্সটাইল এবং উচ্চশিক্ষা ক্ষেত্রে কাজ করতে আগ্রহী। এছাড়া জিআইজেড উচ্চশিক্ষা ক্ষেত্রে টিচিং-লার্নিং এবং গবেষণার মান উন্নয়নে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বরদের প্রশিক্ষণ দিতে আগ্রহী।
ক্রিসচিয়ান ভন মিজলাফ অনুষ্ঠানে প্রজেক্ট প্রোপোজাল উপস্থাপন করেন এবং বিস্তারিত আলোচনা শেষে প্রজেক্ট ডকুমেন্ট চূড়ান্ত করা হয়। অনুষ্ঠানে তাঁরা বাংলাদেশ এবং জার্মানির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে একাডেমিক এবং গবেষণা সহযোগিতা প্রতিষ্ঠার উপরে গুরুত্বারোপ করেন।
