ব্যক্তি নয়, দেশ ও দশের উন্নয়নে কাজ করছি: নিক্সন চৌধুরী

আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৮:৪৭
ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ব্যক্তি নয়, দেশ ও দশের উন্নয়নে কাজ করছি। ফরিদপুর-৪ আসনের মাটি ও মানুষ আজ আমার প্রাণের স্পন্দন। আমি আমার বা আমার কোন কর্মীর উন্নয়নে কাজ করছি না। আমি আপনাদের ভোটে নির্বাচিত এমপি। আমার একটাই চাওয়া- তা হলো দেশ ও দশের উন্নয়ন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিত করেছে। আমিও আপনাদের উন্নয়নের জন্য নিজের জীবনকে বাজি রেখে কাজ করে যাচ্ছি। 
 
রবিবার বিকালে উপজেলার চুমুরদী ইউনিয়নের নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সভায় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
নিক্সন চৌধুরী বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। একটি মহল ইতিমধ্যে ভোট চুরির পাঁয়তারা করছে। জনগণ যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে ব্যবস্থা করতে হবে।’
 
কর্মীসভায় আগামী নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠন করা হয়। 
IMG0
কমিটির নেতাকর্মীদের উদ্দেশে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বলেন, ‘ফরিদপুর-৪ আসন ইতিমধ্যেই উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিতি পেয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আগামীতে আরো উন্নয়ন দিয়ে দেশের মধ্যে ভাঙ্গাকে স্বপ্নের শহর বানাবো। পদ্মা সেতু উদ্বোধনের আগেই ভাঙ্গার সকল রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষার মান উন্নয়নে আমি ও আমার এমপি মহোদয়কে সঙ্গে নিয়ে কাজ করে যাব।’
 
সভায় আরো বক্তব্য রাখেন ভাঙ্গা বাজার বণিক সমিতির সম্পাদক আবু জাফর মুন্সি, আওয়ামী লীগ নেতা জিএস লাবলু মুন্সি, পারভেজ আহম্মেদ, এ্যাপোলো নওরোজ, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক অপু, শ্রমিক নেতা আলমগীর মাস্টার, সোহাগ প্রমুখ।