জনপ্রিয় ব্যান্ড তারকা ও গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চুর প্রথম গিটার শো নিয়ে জাঁকজমক আয়োজন চলছে। সেখানে উপস্থিত হতে ভক্তদের দাওয়াত দিলেন বাচ্চু নিজেই।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজন করা হয়েছে আইয়ুব বাচ্চুর প্রথম গিটার শো ‘সাউন্ড অফ সাইলেন্স’। এলআরবির ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে ভক্তদের অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানালেন।
বাচ্চু বলেন, প্রথমবারের মতো গিটার শো নিয়ে আসছি আগামী ২৪ মার্চ। ‘সাউন্ড অফ সাইলেন্স’ শিরোনামের এ অনুষ্ঠানটি লাইভ দেখতে পারবেন আপনারা।’
এর আগে গিটার শো নিয়ে তিনি বলেছিলেন, কনসার্টে শুধু গানই গাওয়া হয়। গিটার বাজানো হয় খুব কম। তাই গিটার বাজানো ও শোনানোর ক্ষুধাটা থেকে যায়। সেই চিন্তা থেকেই শুধু গিটার নিয়ে লাইভ কনসার্টের পরিকল্পনাটা করেছিলাম অনেক আগে, সেটির বাস্তবায়ন হচ্ছে এখন।
ঢাকা ছাড়াও অন্যান্য বিভাগীয় শহরে এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। পর্যায়ক্রমে দেশের আরো ৫টি বিভাগে এই শো’র আয়োজন করা হবে।
শো শুরু হবে ২৪ মার্চ বিকাল ৫টায়। লাইভ ছাড়াও বাংলা ঢোল ও বাংলা ফ্লিক্সিস থেকেও সরাসরি অনুষ্ঠানটি দেখা যাবে জানালেন এই গিটার লেজেন্ড। টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা।
