বিশ্বকাপ বাছাইপর্বে ইতালি দল থেকে ছিটকে গেলেন মারসিজিও, চিয়েলিনি

আপডেট : ২০ মার্চ ২০১৭, ১৭:৪৩
আলবেনিয়া ও নেদালল্যান্ডের বিপক্ষে ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে ইতালিয়ান স্কোয়াড থেকে ছিটকে গেছেন জুভেন্টাসের দুই খেলোয়াড় ক্লডিও মারসিজিও ও গিওর্গিও চিয়েলিনি। আজ্জুরি কোচ জিয়ান পিয়েরো ভেনচুরা আসন্ন দুটি ম্যাচের জন্য ২৭ সদস্যের বড় একটি দল ঘোষনা করেছে যেখানে পাঁচজন নবাগত খেলোয়াড়কে ডাকা হয়েছে। 
 
শুক্রবার পালেরমোতে আলবেনিয়াকে আতিথ্য দিবে ইতালি। এরপর ২৮ মার্চ এ্যামাস্টার্ডাম সফরে ডাচদের মুখোমুখি হবে। তবে আগামী ২ সেপ্টেম্বর গ্রুপ-জি’র সম্ভাব্য শীর্ষ দল নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হবার আগে ভেনচুরা দল গোছানোর লক্ষ্যস্থির করেছেন। গত বছর তুরিনে ইতালির সাথে ড্র করা স্পেন বর্তমানে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। মাত্র এক পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইসরাঈল। 
 
রোববার ইতালিয়ান সিরি-আ লীগে সাম্পদোরিয়ার বিপক্ষে জুভেন্টাসের ১-০ গোলে জয়ের ম্যাচটিতে মারসিজিও বেঞ্চে ছিলেন। প্রাথমিক ভাবে ভেনচুরার ঘোষিত ২৫জনের দল থেকে বাড়িয়ে ২৭জন করা হলেও তাতে জায়গা হয়নি এই মিডফিল্ডারের। এদিকে জুভেন্টাসের ডিফেন্ডার চিয়েলিনিও ইনজুরিতে রয়েছেন। তার স্থানে ভেনচুরা দলে ডেকেছেন ইন্টার মিলানের ডিফেন্ডার ডানিলো ডি’আমব্রোসিও, আটলান্টা ডিফেন্ডার লিওনার্দো স্পিনাজ্জোলা, বোলোগনা উইঙ্গার সিমোনে ভার্দিকে। এছাড়া উদিনেস থেকে ধারে এসপিএএল’এ খেলতে যাওয়া সিরি-বি গোলরক্ষক এ্যালেক্স মেরেটকেও দলে ডাকা হয়েছে। সাউদাম্পটনের মানোলো গাব্রিয়াডানি প্রিমিয়ার লীগে টটেনহ্যামের বিপক্ষে পরাজিত ম্যাচটিতে ইনজুরিতে পড়ায় ইতালিয়ান কোচ আটলান্টা স্ট্রাইকার আন্দ্রে পেটাগনাকে শেষ মুহূর্তে দলভূক্ত করেছেন। 
 
জুভেন্টাসের অভিজ্ঞ গোলরক্ষক গিয়ানলুইগি বুফন আজ্জুরিদের হয়ে ১৬৮তম ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছেন। মালয়মেইল / বাসস।