রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাবেহগঞ্জ ইক্ষু খামারের অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলা, ভাঙচুর ও অস্ত্র লুট মামলায় ৩২ জন সাঁওতালের জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার বিকালে আসামিদের উপস্থিতিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ.এস.এম তাসকিনুল হক তাদের জামিন মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রশিদ জানান, ২০১৬ সালেরর ৯ আগস্ট ইক্ষু খামার এলাকায় পুলিশের অস্থায়ী ক্যাম্পে হামলা, ভাঙচুর ও অস্ত্র লুটের অভিযোগে ৩২ জন নামীয় ও অজ্ঞাত ৪/৫’শ জন বাঙালি ও আদিবাসীর নামে মামলা করে পুলিশ। ৩২ আসামি আদালতে স্বশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক শুনানি শেষে ৩২ জনের জামিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৯ আগস্ট আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে সাঁওতালরা ভূমি ও জীবনমান অধিকার আদায়ের দাবিতে সাহেবগঞ্জ এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করেন। সেইদিন সমাবেশস্থল থেকে পুলিশ দুই আদিবাসীকে আটক করে। এরপর আদিবাসী সাঁওতালরা চড়াও হয়ে পুলিশের অস্থায়ী ক্যাম্পে হামলা, ভাঙচুর ও একটি অস্ত্র লুট করে এমন অভিযোগে মামলা করে পুলিশ।
