উত্তর কোরিয়ার সর্বশেষ রকেট ইঞ্জিন ক্ষেপণাস্ত্র পরীক্ষার সক্ষমতা ওই ক্ষেত্রে দেশটির ‘অর্থবহ অগ্রগতিকেই’ তুলে ধরছে বলে মনে করে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় সিউল এ কথা জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার সাংবাদিকদের বলেন, ‘উত্তর কোরিয়ার সর্বশেষ রকেট ইঞ্জিনের পরীক্ষা চালানোর ধরন দেখে মনে হচ্ছে এক্ষেত্রে তারা অনেক এগিয়ে গেছে।’ পিয়ংইয়ংয়ের একের পর এক পরমাণু অস্ত্র পরীক্ষার এটি ছিল সর্বশেষ পদক্ষেপ। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রবিবার জানায়, দেশটির নেতা কিম জং-উন শক্তিশালী নতুন রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা পর্যবেক্ষণ করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের চীন সফরের মধ্যেই এ রকেট ইঞ্জিনের পরীক্ষা চালাল পিয়ংইয়ং।
রকেট ইঞ্জিন পরীক্ষার পর উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কাছাকাছি রয়েছে বলে জানান কিম জং-উন। কিম জং-উনের উদ্ধৃতি দিয়ে কেসিএনএ জানিয়েছে, রকেট ইঞ্জিন পরীক্ষার তাত্পর্য শিগগিরই বিশ্বের সামনে স্পষ্ট হবে। সাম্প্রতিককালে উত্তর কোরিয়া তাদের পূর্বাঞ্চলীয় কেন্দ্র থেকে চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এ ঘটনাকে জাপানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার অনুশীলন হিসেবে অভিহিত করা হয়।
এর আগে বেইজিং সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়ে চীনা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে বলেও জানান তিনি। এমনকি হুমকি মোকাবিলায় প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেয়ার কথাও জানান টিলারসন।
ইত্তেফাক/নূহু
