সিসিকে ট্রাম্পের আমন্ত্রণ ৩ এপ্রিল হোয়াইট হাউসে বৈঠক

আপডেট : ২১ মার্চ ২০১৭, ০২:৫৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। আগামী ৩ এপ্রিল হোয়াইট হাউসে দুই নেতার মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের কথা দুই দেশের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে।

হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান, ট্রাম্পের অভিষেকের মাত্র একদিন পর সিসির সঙ্গে তার ফোনালাপ হয়েছিল। এতে তারা ‘সন্ত্রাসবাদ’ মোকাবেলার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেন। সেই সময় দুই দেশের সরকারের দ্বি-পাক্ষিক সম্পর্কের ব্যাপারে ট্রাম্প তার অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। প্রসঙ্গত, ট্রাম্পের পূর্বসুরী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সিসির কিছুটা শীতল সম্পর্ক ছিল। ২০১৩ সালে মুসলিম ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনা অভ্যুত্থানে পদচ্যুত করে ক্ষমতায় আসেন সিসি।

ট্রাম্প মিসরের ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে দিয়ে তা নিষিদ্ধ করার কথা বলেছিলেন। ধারণা করা হচ্ছে, আগামী ৩ এপ্রিল সিসির সঙ্গে তার আলোচনায় এই প্রসঙ্গ উঠতে পারে।

ইত্তেফাক/নূহু