দিল্লী ডেয়ারডেভিলস থেকে নাম প্রত্যাহার ডুমিনির

আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৩:৪২
 
ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকান তারকা জেপি ডুমিনির। আগামী ৫ এপ্রিল থেকে ২১ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে থাকছেন না তিনি।
 
২০১৫ সালে দিল্লিকে নেতৃত্ব দেয়া ডুমিনি আসন্ন টুর্নামেন্ট থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করে নিয়েছেন। দিল্লি ফ্র্যাঞ্চাইজি দলটির প্রধান নির্বাহী হেমন্ত দুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৪ সাল থেকে দিল্লি ডেয়ারডেভিলসের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন ডুমিনি।
 
গত বছর ষষ্ঠ স্থানে থেকে আইপিএল আসর শেষ করেছিল দিল্লি। হেমন্ত জানিয়েছেন ডুমিনির পরিবর্তে নতুন খেলোয়াড়কে খুঁজছে দিল্লি।
 
এ সম্পর্কে গণমাধ্যমে হেমন্ত বলেছেন, আমরা তার সিদ্ধান্তকে শ্রদ্ধা করি। কিন্তু টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে ডুমিনিকে না পাওয়াটা সত্যিই হতাশাজনক। আমরা অবশ্যই তার পরিস্থিতিও বুঝতে পারছি। এই মুহূর্তে আমরা শুধুমাত্র এটুকু বলতে পারি সঠিক সময়েই আমরা ডুমিনির স্থানে নতুন কাউকে ডাকতে পারবো।
 
এদিকে ডুমিনি বলেছেন দিল্লির হয়ে পুরো সময়টা তিনি যেই সহযোগিতা পেয়েছেন তা সত্যিই দুর্দান্ত। ভবিষ্যতেও এখানে ফিরে আসার ইচ্ছা তার আছে। তিনি বলেন, সিদ্ধান্তটা সহজ ছিল না। কিন্তু এখানে সম্পূর্ণভাবেই আমার ব্যক্তিগত কারণ কাজ করেছে।
 
আগামী ৮ এপ্রিল গত বছরের ফাইনালিস্ট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে ডেয়ারডেভিলস তাদের এবারের আইপিএল ক্যাম্পেইন শুরু করবে। বাসস।
 
ইত্তেফাক/রাফাত