প্রাক মৌসুম সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে যাবে ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার ক্লাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলে পঞ্চম স্থানে থাকা হোসে মরিনহোর শিষ্যরা লস অ্যাঞ্জেলস, সল্ট লেক সিটি, সান্টা ক্লারা ও ওয়াশিংটন ডিসিসহ পাঁচটি শহরে ম্যাচ খেলবে। যদিও ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু বলা হয়নি। কিন্তু এর মধ্যে কিছু কিছু ম্যাচ অবশ্য ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের সাথে প্রীতি ম্যাচ হিসেবে গণ্য হতে পারে।
এ সম্পর্কে ইউনাইটেডের নির্বাহী ভাইস-চেয়ারম্যান এড উডওয়ার্ড বলেছেন, নতুন মৌসুমে সম্ভাব্য সেরা প্রস্তুতির জন্য উত্তর আমেরিকা ভ্রমণ দারুণ কার্যকরী হতে পারে। সেখানে বিশ্বমানের অনুশীলন সুবিধা রয়েছে। এ ছাড়া দারুণ কয়েকটি স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক সময়ে আমরা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ক্লাবের সমর্থকদের দেখেছি যাদের মধ্যে সত্যিকার অর্থেই ক্লাবের প্রতি ভালবাসা আছে। এবারের গ্রীষ্মে দারুণ কিছু ম্যাচ দেখার জন্য এখন সকলে মুখিয়ে আছে।
এদিকে সূত্রমতে জানা গেছে, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে ম্যানচেস্টার সিটি, টটেনহ্যাম হটস্পার, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাসও খেলবে। ২০১৭-১৮ মৌসুমকে সামনে রেখে যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি সম্প্রতি নিশ্চিত করেছে সিটি। কিন্তু এ ব্যাপারে বিস্তারিত কিছু এখনো বলা হয়নি।
ইত্তেফাক/রাফাত
