সমাজ-রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠাই বড় চ্যালেঞ্জ : স্পিকার

আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৬:৪৪
স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সমাজ ও রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা ও সকলের জন্য সমান অধিকারের নিশ্চয়তা প্রদান করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
 
তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনে সমান আশ্রয় লাভের অধিকারের স্বীকৃতি দেয়া হয়েছে এবং বিভিন্ন বিষয়ে অনেক আইন প্রণয়ন করা হয়েছে। 
 
আজ মঙ্গলবার রাজধানীর ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে বাংলাদেশের কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস (সিএলএস) কর্মসূচি আয়োজিত ‘সেলিব্রেটিং চ্যালেঞ্জ এন্ড চেইঞ্জ : কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
 
স্পিকার বলেন, বাংলাদেশে নারী ও শিশুদের ওপর জোর দিয়ে দারিদ্র্য, প্রান্তিক ও সামাজিকভাবে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে কমিউনিটি আইনি সেবা প্রদানের মাধ্যমে ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে জিও, এনজিও এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে ফলপ্রসু অংশিদারিত্বমূলক কর্মসূচি প্রণয়ন করতে হবে। পাশাপাশি তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সিএলএস কর্মসূচি সফল করতে হবে।
 
স্পিকার আরো বলেন, নারী ও শিশুরা সমাজে আইনি সেবা থেকে বঞ্চিত হয় সবচাইতে বেশি। সে কারণে তাদের মধ্যে সচেতনতা বাড়াতে কর্মসূচি প্রণয়ন করতে হবে, যাতে তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারে। সুবিধাবঞ্চিত শ্রেণি যাতে আইনে প্রদত্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় সেজন্য অভিজ্ঞতার আলোকে তাদের ভেতর থেকে না জানার যে শূন্যতা তা দূরীকরণে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।