মসুলে আইএসের হাতে ৯ পুলিশ কর্মকর্তা বন্দি

আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৭:১৪
পশ্চিম মসুলের লড়াইয়ে ইরাকি পুলিশের এক কর্নেল ও আরো আট কর্মকর্তাকে আটক করেছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। সোমবার মুখোমুখি লড়াই চলাকালে গুলি ফুরিয়ে যাওয়ার পর তারা জঙ্গিদের হাতে ধরা পড়ে, জানিয়েছেন ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
 
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, মসুলের পুরনো শহর ও অন্যান্য এলাকায় সরকারি বাহিনী চারদিক থেকে ঘিরে ফেলা আইএসের যোদ্ধাদের আরও কাছাকাছি এগিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের র‌্যাপিড রেসপন্স ইউনিটের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আব্দেল আমির আল মোহাম্মদাবিকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করা হলে ‘কোনো পুলিশ কর্মকর্তা বন্দি হননি’ বলে দাবি করেন তিনি। 
 
কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানিয়েছেন, সোমবার ভোররাতে বাব জাদিদ এলাকায় ওই নয় পুলিশ কর্মকর্তা বন্দি হন। পরে কেন্দ্রীয় পুলিশের সূত্রগুলো জানিয়েছে, বন্দি ওই পুলিশ কর্মকর্তাদের হত্যা করা হয়েছে এবং তাদের লাশগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করছে ইরাকি বাহিনী। বেসামরিক বা সামরিক, যে ধরনের বন্দিই হোক, তাদের অকথ্য অত্যাচার ও অঙ্গচ্ছেদ করে হত্যা করার রেকর্ড আছে আইএসের। তাই এ ঘটনাটি পশ্চিম মসুলের রাস্তায় রাস্তায় জঙ্গিদের সঙ্গে মুখোমুখি লড়াইরত সরকারি সেনাদের মনের ওপর প্রবল চাপ সৃষ্টি করবে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা। রয়টার্স।