ভয়ঙ্কর ডাকাতির অভিজ্ঞতার কথা শোনালেন কিম

আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৮:০৬
মার্কিন সময় রবিবার 'কিপিং আপ উইথ দ্য কারদিশিয়ান্স' শোয়ের একটি পর্বে নিজের জীবনে ঘটে যাওয়া ডাকাতির ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা অশ্রুভেজা নয়নে দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন জনপ্রিয় মার্কিন রিয়েলিটি শো তারকা কিম কার্দিয়িশান।
 
গত বছর অক্টোবরে প্যারিস ফ্যাশন সপ্তাহ উপলক্ষে বোন কোর্টনি কারদিশিয়ান নিয়ে শহরটিতে ভ্রমণে গিয়েছিলেন কিম। সেখানে একটি প্রাইভেট বাড়িতে অবস্থান করছিলেন তারা । সেসময় ৩ অক্টোবর রাতে প্যারিসে ডাকাতির শিকার হয়েছিলেন এই ৩৬ বছর বয়সী লাস্যময়ী এই তারকা। ঘটনার রাতে তার দেহরক্ষীকে নিয়ে কোর্টনি বাইরে গেলে ডাকাতির শিকার হন বাড়িটিতে একাকি থাকা কিম। ওই ঘটনার এতদিন পর ভয়াবহ ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন তিনি।
 
ঘটনার ব্যাপারে কিম জানান, প্যারিসের পুলিশের পোশাক পরা ও মুখ ঢাকা একদল  সশস্ত্র ব্যক্তি বাড়িটিতে ঢুকে পড়ায় প্রথমে তিনি কিছুই বুঝতে পারেননি।ডাকাতদের একজন আমার পা ঝাপটে ধরে। তখন আমার শরীরের নিচের দিকে কোনো কাপড় পরা ছিল না। সে আমাকে টেনে বিছানার দিকে নিয়ে যায়। তখন আমার মনে হয়, তারা আমাকে ধর্ষণ করতে যাচ্ছে। ডাকাতরা তাকে বেঁধে বিছানায় নিয়ে যাওয়ার পর তিনি ধর্ষিত হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলেন।
 
তিনি বলেন, ওই সময় আমি নিজেকে এর জন্য পুরোপুরি মানসিকভাবে প্রস্তুত করে ফেলি। তবে ওই ব্যক্তি আমাকে ধর্ষণ করেনি। সে টেপ দিয়ে আমার মুখ বেঁধে ফেলে এবং আমার দুই পা একসঙ্গে বেঁধে ফেলে। এরপর তারা আমার মাথায় বন্দুক ঠেকায়। তখন আমরা মনে হয়েছিল, তারা আমার মাথায় গুলি করতে যাচ্ছে।
IMG0
ওই সময় কিম তার বোন কোর্টনির কথা ভাবছিলেন বলে জানান। তিনি বলেন, আমি শুধু এই প্রার্থনা করছিলাম যে বিছানায় আমার মৃতদেহ দেখার পর যেন কোর্টনির সাধারণ জীবনে ফিরতে পারে।
 
ঘটনার স্মৃতিচারণ করে কিম বলেন, ডাকাতরা টেপ দিয়ে মুখ বেঁধে ফেলার আগে তাদের রুমে নিয়ে আসতে বাধ্য হওয়া তত্ত্বাবধায়ককে তিনি বলেছিলেন, তাদের বলুন আমার বাচ্চা ও পরিবার আছে। আমি শুধু বলেছিলাম আমরা কি মারা যাচ্ছি। তারা আমার কথা বুঝবে না। দয়া করে আপনি তাদের বলুন যে আমার বাচ্চা ও সংসার আছে, দয়া করে বাঁচিয়ে রাখুন।
 
এরপর ডাকাতরা তার ৪০ লাখ ডলারের বিয়ের আংটির দিকে ইশারা করে তার কাছে অর্থ দাবি করে। কিম বলেন, তখন আমি বলি আমার কাছে কোনো অর্থ নেই। তারপর তারা আমাকে টেনে বারান্দা দিয়ে সিঁড়ির দিকে নিয়ে যায়। ওই সময় আমি একদিকে তাদের বন্দুকের দিকে, আরেক দিকে তাদের সিঁড়ির দিকে তাকাচ্ছিলাম। আমি ভাবছিলাম তারা পেছন দিক থেকে আমাকে গুলি করবে।
 
তবে ডাকাতরা কিম কারদিশিয়ানকে গুলি করার পরিবর্তে বাথরুমে ছুড়ে ফেলে পালিয়ে যায়। এসময় সশস্ত্র ডাকাতরা কিমের বিয়ের আংটিসহ এক কোটি ডলারের গহনা লুট করলেও তাকে ধর্ষণ বা আঘাত করেনি। 
 
 
কিভাবে এই ডাকাতির ঘটনা ঘটতে পারলো তা স্মরণ করে কিম বলেন, সামাজিক মাধ্যম স্ন্যাপচ্যাটে আমি জানিয়েছিলাম যে সবাই বাইরে যাওয়ায় আমি বাড়িতে একা আছি। আমার ধারণা এর থেকে ডাকাতরা জেনেছিল যে আমার দেহরক্ষী কোর্টনির সঙ্গে বাইরে গেছে এবং আমি সেখানে একা ছিলাম। আর ডাকাতরা এই সুযোগটিই ব্যবহার করেছিল।
 
ওই ঘটনার পর ১৭জনকে গ্রেফতার করেছিল ফরাসী পুলিশ। এরমধ্যে ১০ জনের বিরুদ্ধে ডাকাতিতে জড়িত থাকার অভিযোগ গঠন করা হয়েছে। গাল্ফ নিউজ।