আইসিসি টেস্ট র্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের দুই তারকা খেলোয়াড় অলরাউন্ডার সাকিব আল হাসান ও ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেছেন সাকিব ও তামিম। ফলে টেস্ট র্যাংকিং উন্নতি হয়েছে তাদের।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ১টি সেঞ্চুরিসহ ৪০ দশমিক ৫০ গড়ে ১৬২ রান করেন সাকিব। ফলে চার ধাপ এগিয়ে র্যাংকিং-এ ২২তম স্থানে উঠে এসেছেন সিরিজ সেরার পুরস্কার পাওয়া সাকিব।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের ব্যাট হাতে উজ্জল ছিলেন তামিমও। ৫১ দশমিক ৭৫ গড়ে ২০৭ রান করেন তিনি। বাংলাদেশীদের মধ্যে সর্বোচ্চ রান ছিলো তামিমের। কলম্বোর পি.সারা ওভালে বাংলাদেশের শততম ম্যাচে সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তামিম। পুরো সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করায় নয় ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন তামিম।
বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের উন্নতি হয়ে একধাপ। বর্তমানে মুশি ২৮তম স্থানে রয়েছেন।
এদিকে, এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। র্যাংকিং-এ চোখে পড়ার মত উন্নতি হয়েছে ভারতের চেতেশ্বর পূজারার। অস্ট্রেলিয়ার বিপক্ষে রাঁচি টেস্টের প্রথম ইনিংসে ২০২ রানের ইনিংস খেলার সুবাদের চার ধাপ এগিয়ে দ্বিতীয়স্থানে জায়গা করে নেন পূজারা।
র্যাংকিং-এ পরের তিনটি স্থানে আছেন যথাক্রমে ইংল্যান্ডের নয়া দলপতি জো রুট, ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। বাসস।
বাংলাদেশ ব্যাটসম্যানদের টেস্ট র্যাংকিং (সেরা ছয়জন):
| খেলোয়াড় | পূর্বের র্যাংকিং | বর্তমান রেটিং | বর্তমান র্যাংকিং |
| সাকিব আল হাসান | ২৬ | ৬৭৬ | ২২ |
| তামিম ইকবাল | ৩৩ | ৬৫৪ | ২৪ |
| মুশফিকুর রহিম | ২৯ | ৬৪৪ | ২৮ |
| মোমিনুল হক | ৩৭ | ৫৮১ | ৩৯ |
| সৌম্য সরকার | ৫৫ | ৪৮৯ | ৫৫ |
| মাহমুদুল্লাহ রিয়াদ | ৫২ | ৪৮২ | ৫৬ |
