ইমার্জিং কাপে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, অধিনায়ক মোমিনুল

আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৮:৪০
জাতীয় দলের বাঁ-হাতি ব্যাটসম্যান মোমিনুল হককে অধিনায়ক করে ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোমিনুলের ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের ডান-হাতি ব্যাটসম্যান নাসির হোসেন। 
 
আসন্ন আসরটি অনুর্ধ্ব-২৩ দলের হলেও, এশিয়ার টেস্ট খেলুড়ে চারটি দেশ জাতীয় দলের চারজন করে খেলোয়াড় খেলাতে পারবেন। বাংলাদেশ দলে মোমিনুল-নাসিরের সাথে আরও আছেন মোহাম্মদ মিঠুন ও আবুল হোসেন। দলে আছেন জাতীয় দলের অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজও। তবে বয়সের কারণে স্কোয়াডে সুযোগ পেয়েছেন তিনি। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে খেলা আরও দুই খেলোয়াড় নাজমুল হোসেন শান্ত ও আবু হায়দার রনিও আছেন। 
 
এশিয়ার আটটি দেশের অনুর্ধ্ব-২৩ দল নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। এশিয়ার টেস্ট খেলুড়ে চার দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা ছাড়াও আফগানিস্তান, হংকং, নেপাল ও মালয়েশিয়াও অংশ নিচ্ছে।
 
বাংলাদেশের গ্রুপে রয়েছে হংকং, নেপাল ও পাকিস্তান। আসরের প্রথম দিন কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হংকং-এর মুখোমুখি হবে বাংলাদেশ। ২৮ মার্চ নেপাল ও ৩০ মার্চ পাকিস্তানের বিপক্ষে পরের দু’টি ম্যাচ খেলবে বাংলাদেশ। অন্য গ্রুপে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। 
 
২৭ মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্টটি। ৩ এপ্রিল ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। 
 
বাংলাদেশ দল: মোমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মো. মিঠুন, ইয়াসির আলী চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, সাইফ উদ্দিন, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, আজমির আহমেদ, রাহাতুল ফেরদৌস, আফিফ হোসেন, সালমান হোসেন ও নাসুম আহমেদ। বাসস।