খুলনায় চরমপন্থী নেতা পশুপতি অপহরণ ও হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হরিদাস ঠিকাদার, রঞ্জিৎ মন্ডল ও সঞ্জিত মন্ডল। এদের মধ্যে রঞ্জিৎ মন্ডল পলাতক রয়েছেন। তাদের পবাড়ি বটিয়াঘাটা উপজেলার হোগলবুনিয়া গ্রামে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির (এম-এল) বটিয়াঘাটা উপজেলার আঞ্চলিক নেতা পশুপতিকে ২০০৪ সালের ৫ এপ্রিল দুর্বৃত্তরা অপহরণ করে টুকরা টুকরা করে কেটে হত্যা করে। পরে তার লাশ স্থানীয় হোগলাবুনিয়ার গাজী ফিসের উত্তর পাশের স্লুইচগেটে ফেলে রাখা হয়। এ ঘটনায় ৯ এপ্রিল এস আই সিদ্দিকুর রহমান বটিয়াঘাটা থানায় ৩৬৪/৩৪ ধারায় মামলা দায়ের করেন। নিহত পশুপতি বটিয়াঘাটা থানার ৫৬ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। ২০১৫ সালের ২৯ আগস্ট পুলিশ পরিদর্শক জিএম এনামুল হক ১৪ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।
