ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই প্রার্থীর উত্তপ্ত বাক্য বিনিময়

আপডেট : ২২ মার্চ ২০১৭, ০৩:২৪

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের আগে গত সোমবার প্রার্থীদের মাঝে বিতর্ক অনুষ্ঠিত হয়। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই বিতর্কে প্রধান দুই প্রার্থী একে অন্যের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করেন।

প্রেসিডেন্ট প্রার্থী ইমানুয়েল ম্যাকরন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেরিন লে পেনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি ফ্রান্সকে বিভক্ত করার চেষ্টা করছেন। ফ্রান্সের এবারের নির্বাচনের ব্যাপারে আগে থেকে কোনো ধারণা করা যাচ্ছে না।

বুরকিনির (সারা শরীর ঢেকে রাখে এমন সাঁতারের পোশাক) পক্ষে থাকায় ম্যাকরনের সমালোচনা করেন লে পেন। গত গ্রীস্মে বুরকিনি নিয়ে অনেক তর্ক-বিতর্ক হয় ফ্রান্সে। সাবেক অর্থমন্ত্রী ম্যাকরন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। তিনি লে পেনকে বলেন, আপনি ভোটারদের কাছে মিথ্যা কথা বলছেন। তিনি বলেন, বুরকিনি নিয়ে সংকট একটি সামাজিক শৃঙ্খলাজনিত সমস্যা। এটিকে নিয়ে রাজনীতির মাধ্যমে লে পেন চল্লিশ লাখের বেশি মুসলমানকে প্রজাতন্ত্রের বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন। লে পেন  ফ্রান্সে ইসলামি জঙ্গিবাদের উত্থানের কথা উল্লেখ করে বলেন, আমি ফ্রান্সে অভিবাসন বন্ধ করতে চাই।

বিতর্কে লি পেন দৃঢ়ভাবে তার বক্তব্য উপস্থাপন করেন। তিনি অভিবাসন ও বিশ্বায়নের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেন। তাকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। পক্ষান্তরে ইমানুয়েল ম্যাকরনকে বেশ অপ্রস্তুত মনে হচ্ছিল। রাজনীতিতে তিনি অনভিজ্ঞ। বিতর্কের শুরুতেও তাকে বেশ ভীত মনে হচ্ছিল।

এটা পরিষ্কার প্রথম ধাপের নির্বাচনে এগিয়ে থাকছেন ম্যাকরন ও লি পেন। রক্ষণশীল নেতা ফ্রান্সিস ফিলন প্রথমে নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকলেও স্ত্রীকে সংসদের সহকারীর চাকরি দেওয়ায় তার ভাবমূর্তি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন ১১ জন প্রার্থী। সোমবারের বিতর্কেও পর  ছয়জন ছোট প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে।

ইত্তেফাক/নূহু